১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিভাগের ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

তবে দেশের অন্যান্য এলাকায় পরীক্ষা যথারীতি চলবে।

চট্টগ্রাম বিভাগের ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে থৈ থৈ বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার শেখ মুজিব সড়ক। ছবি: সুমন বাবু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 11:52 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের তিন জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার রাতে দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তিন জেলার এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায়।

তবে এ বিভাগের খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং দেশের অন্যান্য এলাকায় বুধবারের পরীক্ষা যথারীতি চলবে। তিন জেলার স্থগিত পরীক্ষার সূচি পরে জানানো হবে।

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার অতি ভারি বর্ষণে পরিণত হয়। মঙ্গলবারও সেই ধারা চলে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিস বিকাল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।

এ পরিস্থিতিতে নগরীর অন্তত তিনটি মূল সড়ক মঙ্গলবার দিনভর পানিতে তলিয়ে ছিল। তাতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ।

বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। যেসব বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত হয়নি সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোমর পানি ঠেলে বাসায় ফিরতে দেখা যায়।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের পরীক্ষা স্থগিত করা হল।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা হচ্ছে।

তবে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন তৈরি করে রাখা হয়েছে বলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগেই জানিয়েছিলেন।

অর্থাৎ, বুধবার সারা দেশে যে সেটে পরীক্ষা হবে, পরে নতুন তারিখে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের পরীক্ষা হবে অন্য সেটে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।