Published : 10 Jun 2026, 10:02 PM
বিশ্বকাপ শুরুর আগে কড়া বার্তা দিয়েছে ইরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্যালারিতে অননুমোদিত পতাকা প্রদর্শন করলে বা জাতীয় দলকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হলে বিশ্বকাপে তাদের ম্যাচ বন্ধ করে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতাসহ নানা টানাপোড়নের পর বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। ‘জি’ গ্রুপে দলটি তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে; বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। পরের ম্যাচটি সিয়াটলে, ২৬ জুন মিশরের বিপক্ষে।
ইরানের গণমাধ্যমের খবর অনুসারে, দনিয়ামালি মঙ্গলবার বলেছেন, “আমরা ফিফাকে জানিয়েছি যে, বিশ্বকাপে ইরান যেসব স্টেডিয়ামে খেলবে, সেখানে যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে ম্যাচটি বন্ধ করার দায়িত্ব অবশ্যই টিম ম্যানেজারের ওপর বর্তাবে।”
“আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, মিশরের বিপক্ষে ম্যাচের সময় স্টেডিয়ামে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে না।”
অননুমোদিত পতাকা বলতে ইরানের পুরনো বা ইসলামী বিপ্লব-পূর্ব পতাকার কথা বলা হয়েছে।
ইরান ও মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন এর আগে সিয়াটলে তাদের ম্যাচের সময় যেকোনো এলজিবিটিকিউ (সমকামী, উভকামী ও রূপান্তরকামী) সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করার জন্য ফিফাকে অনুরোধ করেছিল।
গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। তাদের মতে, দলটি ইরানি জনগণের পরিবর্তে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রতিনিধিত্ব করে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পায় ইরানের ফুটবলাররা। তবে গণমাধ্যমের খবর, দেশটির কয়েকজন ফুটবল কর্মকর্তা এখনও ভিসা পাননি।
এছাড়া দেশটির ফুটবল ফেডারেশনের দাবি, তাদের জন্য বরাদ্দ থাকা টিকেট বাতিল করা হয়েছে।
মেক্সিকোর টিহুয়ানায় বেইস ক্যাম্প করা ইরান বিশ্বকাপে তাদের তিন ম্যাচের প্রতিটির আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।