Published : 11 Jun 2026, 08:59 AM
মাঠের বাইরের নানা বিতর্ককে সঙ্গী করে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। টুর্নামেন্টের বেশিরভাগ অংশ হবে যেখানে, সেই যুক্তরাষ্ট্র সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। তবে দেশটিকে সহ-আয়োজক হিসেবে বেছে নেওয়ায় কোনো আক্ষেপ নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।
বিশ্বকাপ শুরুর আগের দিন মেক্সিকো সিটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনফান্তিনো। বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া নিয়ে তার কোনো অনুশোচনা আছে কি-না, এই প্রশ্নে নিজের ভাবনা তুলে ধরেন বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধান।
“না, আমার কোনো অনুশোচনা নেই। গত ৩০ বছর ধরে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে আসছি। আমি সমস্যা সামলাতে অভ্যস্ত… সমস্যা তো থাকবেই; এত বড় একটি ইভেন্টে এটাই স্বাভাবিক।”
“আমি সবসময় আশা করব, যেন কোনো সমস্যা না হয়, কিন্তু এটাই তো আমাদের সামলাতে হয়। কিছু যুক্তরাষ্ট্র থেকে আসে, কিছু কানাডা থেকে, কিছু মেক্সিকো থেকে। আমরা এইসব কিছু নিয়েই কাজ করি এবং সবক্ষেত্রে আমাদের একইরকম ইতিবাচক মনোভাব থাকে। আশা করি, আমরা সব সমস্যার সমাধান করতে পারব। হয়তো সব পারব না, কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”
মার্কিন প্রশাসনের কঠোর ভিসা বিধিনিষেধ নিয়ে রয়েছে অনেক আলোচনা-সমালোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও কানাডা। প্রথমবার অংশ নিচ্ছে ৪৮ দল। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম কোনো আসর, যেখানে অংশগ্রহণকারী কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত আয়োজক দেশ!
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটিতে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান। যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতাসহ অনেক টানাপোড়নের পর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে গেছে দেশটি।
জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার সংস্থার প্রচেষ্টার প্রমাণ হিসেবে টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন ফিফা সভাপতি।
“মানুষ বলছিল, ইরান বিশ্বকাপে আসতে পারবে না। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, তারা আসবে।”
ইনফান্তিনোর মতে, বিশ্বব্যাপী সংঘাত ও অনিশ্চয়তার এই সময়ে বিশ্বকাপ হতে পারে একটি আনন্দদায়ক উপলক্ষ।
“যখন ইরান খেলবে, স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে এবং আশা করি, একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, কারণ এটাই ফুটবল। আমরা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই।”
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো।