Published : 13 Jun 2026, 09:45 PM
চোট পেয়ে খেলোয়াড়দের ছিটকে পড়ার ঘটনা অহরহ ঘটে, সব ক্রীড়াতেই। তবে রেফারির ক্ষেত্রে এমনটা ঠিক স্বাভাবিক নয়। সেটাই ঘটেছে এবারের বিশ্বকাপে। একারণে সূচি অনুযায়ী, নিজের প্রথম ম্যাচে মাঠে থাকতে পারবেন না মাইকেল অলিভার।
বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৫টায় কোদ দি ভোয়া ও একুয়েডরের ম্যাচ পরিচালনা করার কথা ছিল অলিভারের। ফিলাডেলফিয়ার ম্যাচটিতে এখন রেফারি থাকবেন ফঁসোয়া লেতিকসিয়ে।
ফিফা শুক্রবার খবরটি জানিয়েছে। এই ইংলিশ রেফারি কী চোট পেয়েছেন, তা অবশ্য জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
তার চোট অবশ্য গুরুতর কিছু নয়। একই বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে যে, সূচির পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকবেন তিনি।
এবারের বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আছেন।