Published : 20 Jun 2026, 09:28 AM
বিশ্বকাপ অভিযানের শুরুটা প্রত্যাশানুযায়ী হয়নি ফেভারিট স্পেনের। নকআউট পর্বে ওঠার পথও কিছুটা জটিল হয়ে উঠেছে। পরের ধাপে গেলে কার বিপক্ষে খেলতে হতে পারে, সেই আলোচনাও শুরু হয়েছে। তবে লামিন ইয়ামাল স্পষ্ট বলে দিলেন, প্রতিপক্ষ যদি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও হয়, কোনো আপত্তি নেই তাদের।
শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা ও মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দের বিপক্ষে গত সোমবার গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে স্পেন। তাদের ‘এইচ’ গ্রুপে চার দলের কেউ অবশ্য প্রথম রাউন্ডে জিততে পারেনি। এক পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে শীর্ষে, সৌদি আরব দুইয়ে, স্পেন তিনে ও কেপ ভার্দ সবার নিচে আছে।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অব ৩২-এ খেলবে ‘জে’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে এবং ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুই দল অস্ট্রিয়া ও জর্ডান।
স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে বলেন ইয়ামাল।
“শেষ পর্যন্ত, বিশ্বকাপ জিততে হলে সেরাদেরই হারাতে হয়। যদি রাউন্ড অব ৩২-এ তাদের মুখোমুখি না হই, তাহলে হয়তো ফাইনালে। আমরা স্পেন এবং আমরা সেরাদের বিপক্ষেই খেলতে চাই।”