Published : 23 Jun 2026, 04:39 PM
‘গোল মেশিন’ তকমার প্রতি সুবিচার নিজের প্রথম বিশ্বকাপেও করে যাচ্ছেন আর্লিং হলান্ড। টানা দুই ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে তুলেছেন নকআউট পর্বে। দুর্দান্ত ছন্দে থাকা ‘বিশ্বসেরা স্ট্রাইকারকে’ গোল্ডেন বুট জেতার সুযোগ করে দিতে চান দলটির কোচ স্তল সুলবাকেন।
সেনেগালের বিপক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে ৩-২ গোলে জিতেছে নরওয়ে। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দেয় তারা।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে টানা দুই জয়ে টুর্নামেন্টের পরের ধাপে খেলা নিশ্চিত করে ফেলেছে তারা। ফ্রান্সের সমান ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে দলটি। গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে ফ্রান্স।
নরওয়ের এই স্মরণীয় পথচলার কারিগর হলান্ড। ম্যানচেস্টার সিটির তারকা ইরাকের পর সেনেগালের বিপক্ষেও দুইবার পান জালের দেখা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন হলান্ড। ৫ গোল করে সবার উপরে আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি।
বিশ্বকাপের প্রতি আসরের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। ৮টি গোল করে ২০২২ সালে এই সম্মাননা পেয়েছিলেন ফরাসি তারকা এমবাপে, যার দল সেবার রানার্সআপ হয়েছিল। ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে ভেঙেছিল তাদের হৃদয়।
এনিয়ে চতুর্থ বিশ্বকাপে খেলছে নরওয়ে। বিশ্ব মঞ্চে তাদের সর্বোচ্চ সাফল্য কেবল শেষ ষোলোয় খেলা। টুর্নামেন্ট থেকে এত আগে বিদায় নেওয়া কোন দলের খেলোয়াড়ের গোল্ডেন বুট জেতা বেশ কঠিন।
সেনেগালের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন হলান্ড। ম্যাচ শেষে সেটা নিয়ে একটু মজা করেন নরওয়ে কোচ বলেন, “আজ সে ফাঁকা পোস্টে গোল দিতে পারেনি, এমনকি সে চারটি গোলও করতে পারত।”
এরপর হলান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন সুলবাকেন। তার মতে, বড় দলগুলোর হয়ে খেললে গোল্ডেন বুট জেতার সুযোগ বেশি থাকে। তবে এবার হলান্ডকে সেই দৌড়ে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
“সত্যি বলতে, সে বিশ্বের সেরা স্ট্রাইকার, সে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার হয়ে খেলছে না, সে নরওয়ের জার্সিতে গোল করছে। সে চারটি গোল করে ফেলেছে। সবচেয়ে বড় মঞ্চে দুটি জোড়া গোল।”
“ফ্রান্স বা আর্জেন্টিনার হয়ে খেললে গোল্ডেন বুট জেতাটা তুলনামূলক সহজ। তবে আমরা আর্লিংকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করব এবং পরের ম্যাচগুলোতে তাকে আরও বেশি সাহায্য করব। সে এখন দুর্দান্ত ফর্মে আছে। বিশ্বমঞ্চে সে গোল করতে পারছে দেখে আমি খুবই খুশি।”
আগামী শুক্রবার শেষ গ্রুপ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে নরওয়ে। শক্তি-সামর্থ্যে ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট থাকবে ফ্রান্স। আসছে কঠিন লড়াইটি নিয়ে মজা করে হলান্ড বলেন, “আমি এসব নিয়ে ভাবছি না, আমরা তো পরের রাউন্ডে চলে গেছি-তারা (ফ্রান্স) হয়তো আমাদের হারিয়ে দেবে এবং শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টটাই জিতে নেবে।”