Published : 28 Jun 2026, 06:05 AM
বাঁহাতি স্পিনার সোনাল দিনুশার অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বল সুইপ করে এক রান নিলেন আমির জাঙ্গু। ১৯৯ থেকে তিনি পৌঁছে গেলেন ডাবল সেঞ্চুরিতে। এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন। হেলমেটের ব্যাজে চুমু আঁকলেন। অধিনায়কের কাছ থেকে পেলেন উষ্ণ আলিঙ্গন। এরপর হাঁটু গেড়ে বসে মাঠের ঘাসে চুমু খেলেন- এই উদযাপন যেন মনে করিয়ে দিল কিংবদন্তি শিবনারায়ন চান্দারপলের কথা!
নাহ, চান্দারপলের সঙ্গে তুলনা নয়। কোনো দিক থেকে চান্দারপলের ধারেকাছেও নেই জাঙ্গু। তবে ২৮ বছর বয়সী এই ক্রিকেটার যা করলেন, সেটিই বা কম কী! ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি!
শ্রীলঙ্কার বিপক্ষে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন ৩৭৩ বলে ২৩৩ রান করে আউট হন জাঙ্গু। ১৯ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি।
ষষ্ঠ উইকেটে রস্টন চেইসের সঙ্গে তার জুটিতে আসে ৪০১ রান। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে প্রথম চারশ রানের জুটি এটি।
আগের রেকর্ডটি ছিল জনি বেয়ারস্টো ও বেন স্টোকস জুটির। ২০১৬ সালে কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষষ্ঠ উইকেটে তারা যোগ করেছিলেন ৩৯৯ রান।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে যেকোনো উইকেটে জাঙ্গু ও চেইসের ৪০১ রানের চেয়ে বড় জুটির আছে কেবল একটি। সেই ১৯৫৮ সালে কিংসটনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৪৪৬ রানের জুটি গড়েছিলেন গ্যারি সোবার্স ও কনরাড হান্ট।
২০২৫ সালের জানুয়ারিতে মুলতানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জাঙ্গুর। তারপর আর সুযোগ পাচ্ছিলেন না। অ্যান্টিগা টেস্টেও তার খেলার কথা ছিল না। অনুশীলনে চোট পান শেই হোপ। সেটিই সৌভাগ্য বয়ে আনে জাঙ্গুর জন্য। হঠাৎ পাওয়া সুযোগ কী দারুণভাবেই না কাজে লাগালেন তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপান্তর করলেন ডাবলে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ব্যাটসম্যান জাঙ্গু। ২০০১ ও ২০০৩ সালে এই স্বাদ পান ব্রায়ান লারা (২২১ ও ২০৯)। ২০১০ সালে ৩৩৩ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল।
আগের দিন ওয়েস্ট ইন্ডিজ ৯৭ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে যান জাঙ্গু। এক পর্যায়ে ১৬৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই জাঙ্গু ও চেইসের রেকর্ড গড়া এই জুটি।