Published : 26 Jun 2026, 12:57 PM
কলম্বিয়া নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। পর্তুগালের জন্যও কেবল আনুষ্ঠানিকতাই বাকি। তবে বিশ্বকাপে ‘কে’ গ্রুপের সমীকরণ শেষ হয়ে যায়নি। নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল যখন কলম্বিয়ার মুখোমুখি হবে, তখনও হিসাব-নিকাশ, দুই দলের চাওয়া পাওয়া থাকবে অনেক। পরের ধাপে সম্ভাব্য দুঃস্বপ্নের পরিস্থিতি এড়াতে মরিয়া থাকবে দুই দলই।
প্রথম দুই ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে এখন কলম্বিয়া, এক ড্র ও এক জয়ে দুইয়ে পর্তুগাল।
শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার গুরুত্ব অনেক বেশি এখারে। কারণ ‘কে’ গ্রুপের এক নম্বর দলটি পরের রাউন্ডে মুখোমুখি হবে সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি। নকআউট পর্বে কাই তুলনামূলকভাবে সহজ পথ পাবে তারা। অন্যদিকে গ্রুপের রানার্স আপ দলটি মুখোমুখি হতে পারে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া বা ঘানার মতো দলের।
গ্রুপের ফেভারিট হিসেবে আসর শুরু করেও এখন দুইয়ে থাকার শঙ্কা যে পর্তুগালের আছে, সংবাদ মাধ্যমের কাছে তা অকপটেই বলেছেন উইঙ্গার পেদ্রো নেতো।
“সত্যি বলতে, আমরা মাঝে মাঝে ভাবি কী কী পরিস্থিতি ঘটতে পারে। যদি বলি যে, আমরা দ্বিতীয় বা তৃতীয় হলে কী হতে পারে তা ভাবিনি, তাহলে মিথ্যা বলা হবে।”
“কিন্তু পর্তুগিজ হিসেবে এবং আমাদের যে মানসিকতা রয়েছে, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবসময় সেরা হওয়া। তাই অন্য গ্রুপগুলোতে কী হতে পারে তা না জেনেও, আমরা প্রথম হওয়ার জন্যই কলম্বিয়ার মুখোমুখি হব।”
২০২৪ কোপা আমেরিকার রানার্স-আপ কলম্বিয়া প্রথম দুই ম্যাচে জয়ের পাশাপাশি নজরকাড়া ফুটবল খেলেছে। গতিময় ও আক্রমণাত্মক শৈলী এবং দৃঢ় রক্ষণভাগের সমন্বয়ে এমন পারফরম্যান্স উপহার দিয়েছে তারা, প্রতিপক্ষ হিসেবে যে কোনো দলের জন্যই তারা হবে কঠিন চ্যালেঞ্জ।

উজবেকিস্তানের বিপক্ষে তিন গোলে তারা অভিযান শুরু করে। ডিআর কঙ্গোর বিপক্ষে দাপট দেখালেও গোলের জন্য লড়তে হয় তাদের। শেষ পর্যন্ত সেই ম্যাচের জয়টি তাদের ধৈর্যের প্রমাণও দেয়।
পর্তুগালের পথটা ছিল তুলনামূলক বন্ধুর। কঙ্গোর সঙ্গে হতাশাজনক ড্র ম্যাচে ৭৪০টি পাস সম্পন্ন করেও লক্ষ্যে মাত্র একটি শট নিতে পারায় তারা প্রবল সমালোচিত হয়। কিন্তু এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে দারুণভাবে ঘুরে দাঁড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দ্সরা।
এই লড়াইয়ের আগে পর্তুগালের জন্য বড় স্বস্তি রোনালদোর ছন্দে ফেরা। প্রথম ম্যাচে মাঠে তাকে প্রায় খুঁজেই পাওয়া যায়নি। এরপর তুমুল সমালোচনার শিকার হতে হয় তাকে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র এবং আর্লিং হলান্ডরা যখন বিশ্বকাপের শুরুতে দারুণ পারফরম্যান্সে গোল্ডেন বুটের লড়াইছে আছেন, রোনালদো তখন বাজে শুরুর পর তীব্র চাপে ছিলেন। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের পর তিনি এখন স্বস্তিতেই আছেন।
তবে গ্রুপের শেল ম্যাচে তার ও তার দলের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। কাগজে-কলমে পর্তুগাল টুর্নামেন্টের অন্যতম সেরা সম্পূর্ণ দল হলেও, কলম্বিয়ার শারীরিক শক্তি, পাল্টা আক্রমণের গতি এবং সুসংগঠিত রক্ষণভাগ পর্তুগালের শক্তির গভীরতার প্রবল পরীক্ষা নেবে।
তবে গ্রুপ সেরা হয়েই পরের ধাপে যেতে প্রতিজ্ঞার কথা শোনালেন পর্তুগালের নেতো।
“আমাদের মানসিকতা হলো প্রথম হওয়া এবং আমরা সেই লক্ষ্যেই ম্যাচে নামব। দুর্দান্ত ম্যাচ খেলে প্রথম স্থান অর্জন করতে চাই আমরা।”
কলমিম্বার জন্য সমীকরণ তুলনামূলক সহজ। ড্র করলেই গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত তাদের। তবে দুই দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ হবে মায়ামির আবহাওয়া। প্রচণ্ড গরমে খেলতে হবে তাদেরকে।