২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১ হারের পর বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রথম জয়

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ২৪ ঘন্টায় স্মরণীয় দুটি জয় দেখল আইরিশ ক্রিকেট।

২১ হারের পর বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রথম জয়
জয়ের পর ডাগআউটে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 01:50 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

লেংথ ডেলিভারি মিড-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন লুইস লিটল। ডাগআউটে উল্লাসে ফেটে পড়ল আয়ারল্যান্ড শিবির। লাফালাফি, একে অন্যকে জড়িয়ে ধরা তো ছিলই, পরে মাঠে ছুটে গেলেন তারা। নিশ্চিতভাবেই তাদের এই উৎসব চলবে লম্বা সময়। দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে অবশেষে যে এলো মুহূর্তটি। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রথম জয়!

ব্রিস্টলে শনিবার ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে স্মরণীয় এই সাফল্য পায় আয়ারল্যান্ড।

এই নিয়ে পঞ্চমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ২২তম ম্যাচে প্রথম জয়ের দেখা পেল আইরিশরা। আগের ২১ ম্যাচেই তারা হেরেছিল। বিশ্বকাপে টানা এত ম্যাচ হারেনি আর কোনো দল। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ ম্যাচ হেরে তালিকায় দুই নম্বরে আছে বাংলাদেশ। 

২৪ ঘন্টার মধ্যে স্মরণীয় দুটি জয়ের সাক্ষী হলো আইরিশ ক্রিকেট। শুক্রবার বেলফাস্টে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেয় আয়ারল্যান্ডের পুরুষ দল। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বারের দেখায় তাদের প্রথম জয় এটি। সেই রেশ থাকতেই এবার মেয়েদের হাত ধরে এলো আরেকটি মনে রাখার মতো দিন।

এ দিন ওয়েস্ট ইন্ডিজকে ১২৮ রানে আটকে রেখে অর্ধেক কাজ করে দেন আয়ারল্যান্ডের বোলাররা। রান তাড়ায় অর্লা প্রেন্ডারগাস্টের আট চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৬৩ রানের ইনিংস জয়ের পথে এগিয়ে দেয় দলকে। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।