Published : 26 Jun 2026, 12:20 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘আই’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স এবং সেনেগাল ও ইরাক। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় শুরু হবে ম্যাচ দুটি।
ফ্রান্স: সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরুর পর, ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স। নরওয়ের সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে তারা, নকআউট পর্বে খেলাও নিশ্চিত হয়ে গেছে তাদের।

নরওয়ের বিপক্ষে হার এড়ালেই গ্রুপ সেরা হবে ফরাসিরা। অন্যথায় তারা হবে গ্রুপ রানার্সআপ।
নরওয়ে: ইরাককে ৪-১ গোলে হারিয়ে আসর শুরুর পর, সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পায় নরওয়ে। ফ্রান্সের সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে তারা। দলটির নকআউট পর্বে খেলা নিশ্চিত।
গ্রপ সেরা হতে ফ্রান্সের বিপক্ষে জিততেই হবে নরওয়ের। অন্যথায়, গ্রুপ রানার্সআপ হবে ইউরোপের দলটি।
সেনেগাল: ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হারের পর, নরওয়ের কাছে ৩-২ গোলে হারে সেনেগাল। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দলটি।
ইরাকের পয়েন্টও শূন্য, গোল ব্যবধানে এগিয়ে তিনে আছে তারা।
গ্রুপের তৃতীয় হয়ে সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে জিততেই হবে সেনেগালকে।
ইরাক: নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, ফ্রান্সের কাছে ৩-০ ব্যবধানে হারে এশিয়ার দলটি। সেনেগালের সমান শূন্য পয়েন্ট তাদের, গোল ব্যবধানে পিছিয়ে আছে তলানিতে।
গ্রুপের তৃতীয় হয়ে সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার আশা বাঁচিয়ে রাখতে সেনেগালের বিপক্ষে জিততেই হবে ইরাককে।