Published : 19 Jun 2026, 10:36 PM
বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন লিওনেল মেসি। সময়ের সেনসেশন লামিন ইয়ামালের মতে, আর্জেন্টিনা অধিনায়কই সর্বকালের সেরা ফুটবলার এবং এতে বিন্দুমাত্র সংশয় নেই।
প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়ার ম্যাচে জাদুকরি পারফরম্যান্সে উপহার দেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ে সবকটি গোলই করেন তিনি।
৩৯ ছুঁইছুঁই বয়সে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার (১৬) সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি আরও বেশ কিছু রেকর্ড গড়েন আটবারের ব্যালন দ’র জয়ী।
তারপর থেকে বিশ্ব জুড়ে চলছে মেসি বন্দনা, যা হয়ে আসছে অনেক বছর ধরেই। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়কের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো তো বলেই দিয়েছেন, ‘মেসিই সর্বকালের সেরা।’ অন্যদেরও এটা মেনে নিতে বলেছেন তিনি।
স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা ইয়ামালও বললেন, এ নিয়ে কারো মনেই কোনো সংশয় থাকা উচিত নয়।
“মেসির হ্যাটট্রিক? তার খেলা প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তিনি। যদি কারো এখনও সংশয় থাকে, তার মানে হলো তারা ইচ্ছাকৃতভাবে সংশয় তৈরি করছে। এর বেশি কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।”