Published : 19 Jun 2026, 09:10 AM
দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করল দক্ষিণ কোরিয়া। কিন্তু ব্যবধান আর ঘুচাতে পারল না তারা। জমাট রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ল মেক্সিকো। সবার আগে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল বিশ্বকাপের সহ-আয়োজকরা।
গুয়াদালাহারায় ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে সৌভাগ্যের গোলে ব্যবধান গড়ে দিয়েছেন লুইস রোমো।
২ ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট চূড়ায় আছে উত্তর আমেরিকার দেশটি। ২ ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ কোরিয়া। চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১ করে।
ঠিক সময়ে ঠিক জায়গায় উপস্থিত ছিলেন রোমো। ৫০তম মিনিটে ফাঁকা জালে বল পাঠান মেক্সিকোর এই মিডফিল্ডার। বল গ্লাভসে নিতে গিয়ে সামনে থাকা সতীর্থ লি গি-হিউকের সঙ্গে গোলরক্ষক কিম সুং-গিউ ধাক্কা খান। এতে হাত থেকে ফস্কে যায় বল, অনায়াসে জাল খুঁজে নেন সামনেই থাকা রোমো।
দক্ষিণ কোরিয়া নিজেদের সেরা সুযোগ পায় ৮৭তম মিনিটে। চু গিউ-সুংয়ের জোরাল হেড কোনোমতে ঠেকান রাউল রানহেল। দক্ষিণ কোরিয়া স্ট্রাইকারের ফিরতি শটও হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন তিনি।
প্রথমার্ধের নিষ্প্রভ ফুটবল বিরতির সময় দুয়ো শুনতে হয় মেক্সিকোর খেলোয়াড়দের। এগিয়ে যাওয়ার পর বাকি সময়টায় অবশ্য প্রবল সমর্থনই পান তারা।
৭৫তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত মেক্সিকো। দুরূহ কোণ থেকে রাউল হিমেনেসের শট ঠেকান দক্ষিণ কোরিয়া গোলরক্ষক। পরে বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের গতিময় শট ডাইভ দিয়ে ফেরান তিনি।
দক্ষিণ আফ্রিকাকে আসর শুরু করা মেক্সিকো নিজেদের পরের ম্যাচে খেলবে চেকিয়ার বিপক্ষে। আগামী বৃহস্পতিরের ওই ম্যাচে হার এড়ালেই গ্রুপ সেরা হবে মেক্সিকো। হারলেও সুযোগ থাকবে, যদি একই সময়ে শুরু হওয়া দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল পক্ষে আসে।
এই ম্যাচে হারলেও চেকিয়ার বিপক্ষে পাওয়া জয়ে শেষ ষোলোয় যাওয়ার পথে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া।