Published : 23 Jul 2026, 08:32 PM
বরিশালের গৌরনদী উপজেলায় নির্মাণাধীন সেতুতে ঢালাই দেওয়ার সময় পাটাতন ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার দুপুরে উপজেলার আহম্মদকাঠি মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র জানিয়েছেন।
গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের ঠিকাদারি পান ‘ডায়নামিক আইটি সপ’। তবে মূল ঠিকাদারের কাছ থেকে প্রকল্পটি ক্রয় করে সেতুটি বাস্তবায়ন করছেন আবুল ফয়েজ শরীফ নামের এক ঠিকাদার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণে পুরনো ও হালকা বাঁশ ব্যবহার করে পানির মধ্যে শাটারিং তৈরি করা হয়। এর উপর সেতুতে ঢালাই দেওয়া হয়। তবে চাপ সহ্য করতে না পেরে ঢালাইসহ পাটাতন খালে ধসে পড়ে।
সেতু নির্মাণ কাজের ঠিকাদার ফয়েজ শরীফ বলেন, “খালের গভীরতা বেশি হওয়ায় শাটারিং নড়ে যায়। এক পর্যায়ে তা ভেঙে পড়ে। তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়া হয়। পুনরায় কাজটি করে দেওয়া হবে। ক্ষতি আমার হবে। দরপত্র অনুযায়ী কাজ করা হবে।”
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, “আমাদের না জানিয়ে ঢালাই দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি। ঠিকাদারকে নতুন করে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
সেতুর গুণগত মানের ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।