Published : 20 Jun 2026, 09:13 AM
ডালাসের সবুজে ক্রোয়েশিয়ার জালে গোল উৎসব করলেন কেইন-র্যাশফোর্ডরা। গ্যালারিতে ইংলিশ সমর্থকেরা কাঁধে কাঁধ মিলিয়ে, সুর তুলে, উচ্চস্বরে গাইলেন ওয়েসিস ব্যান্ডের বিখ্যাত ‘ওয়ান্ডারওয়াল’ গানটি। গ্যালারিতে সমর্থকদের কণ্ঠে প্রিয় গানটি শুনতে পেয়ে আপ্লুত হয়েছিলেন হ্যারি কেইন।
গানটি কেইনের হৃদয়কে এতটাই ছুঁয়ে গেছে যে, ইংল্যান্ড দলের নিজস্ব শো ‘দা লায়ন্স ডেন’-এ এই ফরোয়ার্ড বললেন, এটা তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তের একটি এবং সমর্থকদের সঙ্গে আত্মীক সম্পর্ক অনুভব করছেন তিনি।
গত বুধবার ‘এল’ গ্রুপে, ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। জোড়া গোলের আলো ছড়ান কেইন। একবার করে জালের দেখা পান জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ড।
এ ম্যাচেই কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচের কীর্তি স্পর্শ করেন কেইন। দলের জয়ের নায়ক হন। সমর্থকদের কণ্ঠে শোনেন প্রিয় গানটিও। সেদিনের সবকিছু মনে করে, ইংল্যান্ড পুরুষ জাতীয় ফুটবল দলের শো ‘দি লায়ন্স ডেন’-এ মুঠোভরে পাওয়ার আনন্দ ঝরল তার কণ্ঠে।
“ইংল্যান্ডের জার্সিতে, বিশেষ করে বড় কোনো আসরে, এটা ছিল আমার প্রিয় মুহূর্তের একটি।”
“আমি জানি, এটা স্রেফ প্রথম ম্যাচ এবং আমরা এতে ভেসে যাচ্ছি না, কিন্তু এই যে, সমর্থকদের সাথে আবেগের সংযোগ, আমরা জানি, এর মূল্য কতখানি।”
ইংল্যান্ড কোচ টমাস টুখেল বারবার দলীয় ঐক্যের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। কেইনও বললেন, একসাথেই বেড়ে উঠেছেন তারা। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড চান, সমর্থকদের বিশেষ মুহূর্ত উপহার দিতে।
“আমি মনে করি, তারা দেখেছে, এটার অর্থ আমাদের কাছে কী। সমর্থকদের সঙ্গে আমাদের সেই সংযোগটা এখন আছে। কিন্তু ওই মুহূর্তটি, স্টেডিয়ামে ‘ওয়ান্ডারওয়াল’ গান গাওয়া-সবাই গানের কথাগুলো জানে-আসলেই স্পেশাল ছিল।”
“আমরা জানি, ইংল্যান্ডেও একই অবস্থা। যেহেতু রাতে ম্যাচ হয়েছে, সেখানেও চারদিকে প্রচুর বিয়ার ছোঁড়াছুঁড়ি হয়েছে। তো, এগুলো আমাদের ভালোই লাগে।”
বস্টনে আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে, ঘানার মুখোমুখি হবে ইংল্যান্ড।