Published : 20 Jun 2026, 08:45 AM
লা মাজিয়া’য় বেড়ে ওঠা কারো রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর শোনা মানে, বার্সেলোনার কারো জন্য বিনা মেঘে বজ্রপাতের মতোই ঘটনা। মার্ক কুকুরেইয়ার রেয়ালে যোগ দেওয়ার খবরটি তাই গাভি-পেদ্রিদের স্তব্ধ করে দিয়েছিল। এমনিক হতবাক করে দিয়েছিল, পুরো স্পেন দলকেই!
তা দেওয়ারই কথা। উত্তর আমেরিকা বিশ্বকাপ খেলতে আসা স্পেন দলে রেয়ালের কেউ ছিল না। আধিপত্য ছিল বার্সেলোনার। এখনও সে আধিপত্য আছে, কিন্তু কুকুরেইয়ার কারণে, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়ালের একজন প্রতিনিধিও গেছে জুটে।
কুকুরেইয়া এই ‘কাণ্ড’ ঘটিয়েছেন, বিশ্বকাপ চলাকালে। সতীর্থদের চক্ষুর অন্তরালে! বিশ্বকাপ চলার মধ্যেই চেলসি ছেড়ে রেয়ালে যোগ দেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
শিরোপাশূন্য মৌসুম শেষে দলের রক্ষণের শক্তি বাড়ানোর চেষ্টায় ছিল রেয়াল। সেই পরিকল্পনায় গত সোমবার স্প্যানিশ লেফট-ব্যাক কুকুরেইয়াকে দলে টানে মাদ্রিদের দলটি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, প্রায় ৫ কোটি ১৮ লাখ পাউন্ডে কুকুরেইয়াকে দলে টেনেছে স্প্যানিশ ক্লাবটি।
গণমাধ্যমে চাউর হওয়ার আগে এ খবর সতীর্থদের কাছে চেপে রেখেছিলেন কুকুরেইয়া। কাউকেই কিছু বলেননি, আভাসও দেননি। খবরটি শোনার পর, দলের মধ্যে কেমন আবহ তৈরি হয়েছিল, কাতালান ভাষার রেডিও চ্যানেল আরএসি ওয়ানকে সেটাই বলেন গাভি।
“আমরা কেবল আগের দিনই বিষয়টা জানতে পেরেছি, ঠিক অনুশীলন সেশনের পর।”
“কেউ জানত না। সে বিষয়টা পুরোপুরি গোপন রেখেছে…(মজা করে গালি দেন)। আমরা এমন কিছু প্রত্যাশাই করিনি।”
লুইস দে লা ফুয়েন্তের স্পেন দলে বার্সেলোনার আধিপত্য। সূত্রের বরাত দিয়ে গত এপ্রিলে ইএসপিএন লিখেছিল, কুকুরেইয়াকে দলে টানার ফেরানোর করছে কাতালান ক্লাবটি, যদিও পরে সে আলোচনায় এগোয়নি।
মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকো মাদ্রিদও কুকুরেইয়ার প্রতি আগ্রহী ছিল; কিন্তু রেয়াল মাদ্রিদ দ্রুত চুক্তি সেরে ফেলে।
লা মাজিয়ায় বেড়ে উঠেছেন কুকুরেইয়া, যেখান থেকে পাদপ্রদীপের আলোয় এসেছে গাভি ও লামিনে ইয়ামালরাও। তাই কুকুরেইয়ার রেয়ালের জার্সিতে মাঠে নামা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বাড়তি রোমাঞ্চ যোগ করবে।
গাভিও সেই কথা বললেন। আশা প্রকাশ করলেন, ক্লাসিকোর লড়াইয়ে তার ক্লাব সতীর্থ ইয়ামালকে আটকাতে পারবেন না কুকুরেইয়া।
“এখন লামিনে ইয়ামালকে তার আটকাতে হবে। সাম্প্রতিক সময়ে (রেয়াল) মাদ্রিদ অনেক ফুল-ব্যাক বদলেছে, কিন্তু লামিনেকে আটকানো খুব কঠিন…আশা করি, সামনেও সে এমনই অপ্রতিরোধ্য থাকবে।”
“তবে এটা ভালোই হবে। কুকুকে আমি প্রতিপক্ষ হিসেবে পছন্দ করি। সে দৃঢ়, লক্ষ্যে অবিচল… তাকে পাওয়া মাদ্রিদের জন্য ভালো হয়েছে এবং আমি তার জন্য খুশি।”
উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি স্পেনের। প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সে টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশুন্য ড্র করে তারা।
পরের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে তারা। আটলান্টায় বাংলাদেশ সময় আগামী রোববার ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।