Published : 18 Jul 2026, 05:09 PM
বিশ্বকাপের মান নিয়ে কথা বলতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গ টেনে আনলেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো নাজারিও। তিনি বললেন, পর্তুগিজ মহাতারকা হয়তো এখনও সৌদি আরবে খেলে যেতে পারবেন কিন্তু বিশ্ব আসরে নয়।
ইএসপিএন ব্রাজিলের সঙ্গে আলাপচারিতার সময় রোনালদো বলেন, ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো এখন এমন পর্যায়ে আছেন, যেখান থেকে তিনি আর শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না।
একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয় আসরে গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোর এই আসর ভালো কাটেনি। তারকা খচিত দল পর্তুগালও ভালো করেনি।
আসরে কেবল তিনটি গোল করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের সেরা সময়ের ধারে কাছে ছিলেন না। আসরের মাঝপথেই বলেছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। তবে পর্তুগালের হয়ে খেলে যাবেন কিনা তা এখনও পরিষ্কার করেননি তিনি।
বয়সের সঙ্গে লড়াই করে যে জেতা যায় না, সেই প্রসঙ্গে বলতে গিয়ে ক্রিশ্চিয়ানোর পাশাপাশি নেইমারের প্রসঙ্গও টেনে আনলেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো।
“আপনার শরীরই একসময় জানান দেবে, আপনি আর চালিয়ে যেতে পারবেন না। আমি মনে করি, ক্রিশ্চিয়ানো ও নেইমার সেই পর্যায়ে পৌঁছে গেছে।
“নিজের শরীরের সঙ্গে লড়াইয়ে জেতা কঠিন। সে (ক্রিশ্চিয়ানো) সম্ভবত এখনও সৌদি আরবে খেলার পর্যায়ে আছে, কিন্তু বিশ্বকাপে আমরা সবাই বুঝতে পারছি এটা অনেক বেশি কঠিন। এখানে স্তর আরও উঁচুতে।”
একটা সময় সবারই থামতে হয়। রোনালদো মনে করেন, স্রেফ খেলার প্রতি ভালোবাসাই যথেষ্ট নয়।
“ফুটবলের প্রতি আমাদের সব আবেগ, ভালোবাসা ও সবসময় খেলে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষার পরও, আমার মনে হয় শেষ পর্যন্ত শরীরই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। আমি এখন আর খেলি না কারণ আমার মাথা যেভাবে কাজ করে শরীর সেটা সামলাতে পারে না।”