Published : 13 Jun 2026, 01:38 AM
বিশ্বকাপের জন্য এখনও যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা পাননি ইরান ফুটবল ফেডারেশনের ১৫ জন সদস্য। যুক্তরাষ্ট্রে দলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ দেখতে ফেডারেশনের জন্য পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে ফিফা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বিশ্বকাপ দলের প্রধান মাহদি মোহাম্মাদ নাবি।
রাশিয়া ও কাতারে অনুষ্ঠিত ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ইরানের স্কোয়াড পরিচালনার প্রধানের দায়িত্ব পালন করেছেন নাবি, যিনি একই সঙ্গে ইরান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা না পাওয়া ফেডারেশনের ১৫ সদস্যের একজন তিনি।
‘জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া এবং সফল হওয়ার’ প্রমাণস্বরূপ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের কথা টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তুলে ধরেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরদিন বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন নাবি।
“আমরা আশা করি, জনাব ইনফান্তিনো ইরান জাতীয় দলের কাছে দেওয়া তার কথা ও প্রতিশ্রুতিগুলো সত্যিই বাস্তবায়ন করবেন। সদস্য ফেডারেশন ও আয়োজক, উভয়কেই ফিফার নিয়মকানুন ও প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করতে হবে।”
এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভিসাগুলো প্রত্যাখ্যান করা হয়েছে কারণ তারা ‘ইরানি দলকে এই ব্যবস্থার অপব্যবহার করে মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢোকানোর সুযোগ দেবে না।’
মার্কিন প্রশাসনের কঠোর ভিসা বিধিনিষেধ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক দিন ধরেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও কানাডা। প্রথমবার অংশ নিচ্ছে ৪৮ দল। বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম কোনো আসর, যেখানে অংশগ্রহণকারী কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত আয়োজক দেশ!
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমে দেশটিতে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান। অনেক টানাপোড়নের পর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে গেছে দেশটি।
ইরানের প্রথম ম্যাচের ১০ দিন আগে, যুক্তরাষ্ট্র সব খেলোয়াড়কে ভিসা দিলেও, ফেডারেশনের ওই ১৫ সদস্যকে তা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা পাওয়া যাবে কি না, সেই অনিশ্চয়তার কারণে ইরানের ফুটবল ফেডারেশন এর আগে দলের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন মেক্সিকোর টিহুয়ানায়।
বিশ্বকাপে তাদের তিন ম্যাচের প্রতিটির আগের দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানায় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
‘জি’ গ্রুপে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে; বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। পরের ম্যাচটি সিয়াটলে, ২৬ জুন মিশরের বিপক্ষে।