Published : 12 Jun 2026, 07:00 PM
চলতি বিশ্বকাপের মাঝে ৩৯তম জন্মদিন পালন করবেন লিওনেল মেসি। তবে উসমান দেম্বেলের কাছে বয়স স্রেফ একটি সংখ্যা। এই ফরাসি ফরোয়ার্ডের মতে, এখনও আগের মতোই বিপজ্জনক আর্জেন্টাইন জাদুকর। এই মহাতারকা আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জেতাতে পারেন বলে মনে করেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ দেম্বেলে।
দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধে ভর করেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরা ট্রফি জয় করে আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে মেসি নিজে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সাত ম্যাচের পাঁচটিতেই হন ম্যান অব দা ম্যাচ।
বার্সেলোনায় একটা সময় মেসির সঙ্গে খেলেছেন দেম্বেলে। ফলে রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীকে খুব কাছ থেকেই দেখার সুযোগ পেয়েছেন চলতি বছর এই পুরস্কার জেতা ফরাসি তারকা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে দেম্বেলের কাছে জানতে চাওয়া হয়, ৩৮ বছর বয়সী মেসি ২০২২ বিশ্বকাপের বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবেন কি-না। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড তুলে ধরেন তার ভাবনা।
“অবশ্যই, তিনি যেকোনো সম্ভাব্য ট্রফি জিততে পারেন। বার্সেলোনায় থাকাকালীন আমি দেখেছি তিনি কী করতে পারেন।"
কাতার বিশ্বকাপের পর পেরিয়ে গেছে চারটি বছর, বাড়তি বয়স মেসির পারফরম্যান্সে কোনো বাধা সৃষ্টি করবে কি না, এমন প্রশ্নে দেম্বেলে বলেন, মেসির পারফরম্যান্সে বয়স প্রভাব ফেলবে না।
“তাতে কোনো কিছুই বদলাবে না। তিনি আমার দেখা সেরা, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা। তিনি এখনও খুবই বিপজ্জনক। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। তার বয়সটা হয়তো সেরকম, কিন্তু সেই গুণগুলো তার মধ্যে সবসময়ই থাকবে। তার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ তিনি আবারও শিরোপা জিততে পুরোপুরিই সক্ষম।”