১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ড্যানি ওয়াটের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ গড়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল ইংল্যান্ড।

ড্যানি ওয়াটের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ গড়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরির স্বাদ পেলেন ড্যানি ওয়াট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 04:17 AM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ক্যারিয়ারের অষ্টম বিশ্বকাপের প্রথম ম্যাচ দুর্দান্ত সেঞ্চুরিতে রাঙালেন ড্যানি ওয়াট-হজ। তাতে যে উচ্চতায় পৌঁছাল ইংল্যান্ডের রান, তার ধারেকাছেও যেতে পারল না শ্রীলঙ্কা। রেকর্ডের ভেলায় ভেসে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল ন্যাট সিভার-ব্রান্টের দল।

দশম আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের জয় ৮৭ রানে।  

এজবাস্টনে শুক্রবার প্রায় ১৫ হাজার দর্শকের সামনে ২০ ওভারে ইংল্যান্ড করে ১ উইকেটে ২১৯ রান। বিশ্বকাপে সর্বোচ্চ ও দ্বিতীয় ২০০ ছোঁয়া দলীয় সংগ্রহ এটি।

আগের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডের। ২০২৩ আসরে কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে তারা করেছিল ২১৩ রান।

বড় লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা শেষ বলে অলআউট হয় ১৩২ রানে। 

ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিতে সব আলো কেড়ে নেন ড্যানি ওয়াট। ১৩ চার ও এক ছক্কায় ৬২ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে ম্যাচ সেরা হন ৩৫ বছর বয়সী এই ওপেনার।

এই সংস্করণে একটির বেশি সেঞ্চুরি নেই ইংল্যান্ডের আর কারো। ট্যামি বিউমন্ট ও হিদার নাইটের আছে একটি করে।  

সব দেশ মিলিয়ে বিশ্বকাপে সপ্তম সেঞ্চুরি এটি, ইংল্যান্ডের দ্বিতীয়, ২০২০ আসরে এই স্বাদ পেয়েছিলেন হিদার নাইট। 

ড্যানি ওয়াটের সঙ্গে ১৩৫ রানের উদ্বোধনী জুটির পথে ৩৮ বলে ৫৩ রান করেন অ্যামি জোন্স। তিন নম্বরে অধিনায়ক সিভার-ব্রান্ট ২২ বলে খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। 

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তুর চমৎকার এক ক্যাচ নেন ড্যানি ওয়াট। 

শ্রীলঙ্কার টপ অর্ডারের তিন জনের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। সাত নম্বরে নেমে ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন নিলাকশিকা সিলভা।

২২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার ফ্রেয়া কেম্প।