Published : 13 Jun 2026, 03:35 AM
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ম্যাচের আগে টরন্টোর ব্যস্ত মহাসড়কের কাছে বিশ্বকাপের লোগোর ওপরে বিশাল ব্যানার টানিয়ে ইসরায়েলের সঙ্গে ফিফার সম্পর্কের নিন্দা জানিয়েছে একদল বিক্ষোভকারী।
টরন্টো স্টেডিয়ামের কাছে শুক্রবার কয়েকজন বিক্ষোভকারী বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগোটি ঢেকে দেয় এবং সেখানে ‘ফিফা থেকে ইসরায়েলকে বের করে দাও’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। কানাডার ব্যস্ততম গার্ডিনার এক্সপ্রেসওয়ের যাত্রীরা ব্যানারটি দেখতে পাচ্ছিল।
একদল আন্দোলনকর্মী আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশিষ্ট ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তি দাবি, যাকে ২০২৪ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আটক করে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ফিফাকে অভিযুক্ত করেন আন্দোলনকর্মীদের মুখপাত্র ফয়সাল ইব্রাহিম।
“অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীর ও সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ম্যাচ আয়োজনের ব্যাপারে ফিফা শুধু চোখই বন্ধ করে রাখে না, বরং তারা সক্রিয়ভাবে সেই ম্যাচগুলো সম্প্রচারও করে।”
আন্তর্জাতিক আইনের অধীনে পশ্চিম তীরের অমীমাংসিত আইনি অবস্থার কথা উল্লেখ করে গত মার্চে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছিল, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের প্রেক্ষিতে ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থান করে প্রতিযোগিতা করা ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে না।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে চলমান ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপকে ঘিরে ফিফা এমনিতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এখন টরন্টোর বিক্ষোভকারীরা ফুটবলের নিয়ন্তা সংস্থাটির কাছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল।
বিক্ষোভকারী এই দলটির লক্ষ্য ছিল ফিফার নেতৃত্বের কাছে ‘খুব জোরাল দৃশ্যমান বার্তা’ পৌঁছে দেওয়া। সেটি তারা পেরেছে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সেখানে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যারও অভিযোগ আনা হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরাও ফিফা ও উয়েফার কাছে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন।