Published : 11 Jul 2026, 06:10 PM
নরওয়ের জার্সিতে ম্যাচের চেয়ে আর্লিং হলান্ডের গোলসংখ্যা বেশি ছিল আগে থেকেই। উত্তর আমেরিকা বিশ্বকাপে সেই পরিসংখ্যান আরও উঁচুতে তোলা এই স্ট্রাইকারের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন ক্রিস্তিয়াম ভিয়েরি। ইতালির এই সাবেকের দৃষ্টিতে, বক্সে দীর্ঘকায় হলান্ড এককথায়, প্রতিপক্ষের জন্য অপ্রতিরোধ্য।
বিশ্বকাপে গোল পাওয়া কতটা কঠিন, তা ভালোকরে জানা ভিয়েরির। তিনি নিজেও ছিলেন স্ট্রাইকার। কঠিন পথে হেঁটে সাফল্যের উচ্ছ্বাসে ডানা মেলার এক দারুণ অভিজ্ঞতাও আছে তার। ইউরোপের একমাত্র খেলোয়াড় হিসেবে, বিশ্বকাপে শুরুর চার ম্যাচে গোল করার কীর্তি যে এই ইতালিয়ানেরই।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা হলান্ডও গোল করছেন মুড়িমুড়কির মতো। এ পর্যন্ত ৭ গোল করেছেন তিনি। নরওয়ের খেলা পাঁচ ম্যাচের মধ্যে, ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে, তিনি ছিলেন বিশ্রামে। এ মুহূর্তে জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা ৫৪টি, কিন্তু গোল সংখ্যা ৬২টি!
বিশ্বকাপের চলতি আসরে, সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৮টি করে গোল পাওয়া লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পরেই আছেন হলান্ড; ৭টি। ফিফার পডকাস্টে ভিয়েরি মুগ্ধতা জানালেন নরওয়ের গোলমেশিনকে নিয়ে। বললেন, ইংল্যান্ডকে ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকারকে নিয়ে ভাবতে হবে।
“আমার মতে, তাকে থামানো অসম্ভব। সে দীর্ঘকায়, খুবই শক্তিশালী এবং যখন খেলার জায়গা পায়, সে গতিময় এবং ক্ষুধার্ত থাকে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় (একজন স্ট্রাইকারের জন্য)।
“নরওয়ে যদি ক্রস বাড়ানো শুরু করে, আমার মনে হয়, সেটা তারা দ্রুত শুরু করবে, তাহলে ইংল্যান্ডের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। কেননা, আমার মতে, তারা যখন ক্রস দেওয়া শুরু করে, তখন বক্সে হলান্ড অপ্রতিরোধ্য।”
মায়ামিতে, বাংলাদেশ সময় শনিবার ৩টায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। অনুমিতভাবে, প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠতে দলটি তাকিয়ে থাকবে ২৫ বছর বয়সী হলান্ডের দিকে। শক্তিশালী অথচ শান্ত, এমন অসাধারণ স্ট্রাইকার অনেক দিন না দেখার কথাও মুগ্ধতা নিয়ে বললেন ভিয়েরি।
“সে অসাধারণ। অনেক দিন আমি এমন স্ট্রাইকার দেখিনি। সে বিশালদেহী, কিন্তু খুব এবং খুবই সহজভাবে খেলে। তার শট দুর্দান্ত, শক্তিও প্রচুর, দেখতেই পাচ্ছেন, সে অসাধারণ একজন স্ট্রাইকার। সে যেখানেই খেলে, একটা বা দুটো গোল করেই।”