২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পাওয়া ডিফেন্ডারের জায়গায় স্ট্রাইকার নিল জাপান

এবারের জে-লিগে ১৩ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দলে ডাক পাওয়া সুতো মাচিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 09:31 PM

Updated : 27 Nov 2022, 04:31 PM

বিশ্বকাপ দলে ডাক পাওয়ার দুদিন পরই চোট পেয়ে ছিটকে পড়া ইউতা নাকাইয়ামার বদলির নাম ঘোষণা করেছে জাপান। ডিফেন্ডারের বদলে স্ট্রাইকার সুতো মাচিনোকে দলে নিয়েছে তারা। 

আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার শেষ সময়। তবে গত মঙ্গলবারই ২৬ সদস্যের দল ঘোষণা করে দেন জাপানের কোচ হাজিমে মোরিইয়াসু। এর দুই দিন পর বৃহস্পতিবার অ্যাকিলিস চোট পেয়ে মাঠের বাইরে চলে যান হাডার্সফিল্ড টাউনের সেন্টার-ব্যাক নাকাইয়ামা। 

সতীর্থের দুর্ভাগ্যে কপাল খুলে যাওয়া ২৩ বছর বয়সী মাচিনো এবারের জে লিগে ছন্দে আছেন। ১৩ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। শেষ তিন ম্যাচে ৪ গোল করে ক্লাব শোনান বেলমারেকে অবনমন অঞ্চল থেকে আপাত নিরাপদে নিয়েছেন মাচিনো।

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। 

জার্মানির বিপক্ষে ২৩ নভেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে জাপানের। ‘ই’ গ্রুপের অন্য দুই দল স্পেন ও কোস্টা রিকা। 

জাপান দল: 

গোলরক্ষক: কাওয়াশিমা এইজি (স্ত্রাসবুর), গোন্দা শুইচি (শিমিজু এস-পালস), দানিয়েল শিমিট (সিট-ট্রুডেন্স) 

ডিফেন্ডার: নাগাটোমো ইউকো (টোকিও), মায়া ইয়োশিদা (শালকে), হিরোকি সাকাই (উরাওয়া রেড ডায়মন্ডস), শোগো তানিগুচি (কাওয়াসাকি ফ্রন্তালে), মিকি ইয়ামানে (কাওয়াসাকি ফ্রন্তালে), কো ইতাকুরা (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), তাকেহিরো তোমিইয়াসু (আর্সেনাল), হিরোকি ইতো (স্টুটগার্ট) 

মিডফিল্ডার: গাকু শিবাসাকি (লেগানেস), ওয়াতারু এনদো (স্টুটগার্ট), জুনিয়া ইতো (রাঁস), তাকুমি মিনামিনো (মোনাকো), হিদেমাসা মোরিতা (ম্পোর্তিং), দাইচি কামাদা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইউকি সোমা (নাগোয়া গ্রামপুচ), কাওরো মিতোমা (ব্রাইটন), রিতসু দোয়ান (ফ্রেইবুর্ক), আও তানাকা (ফরচুনা ডুসেলডর্ফ), তাকেফুসা কুবো (রিয়াল সোসিয়েদাদ) 

ফরোয়ার্ড: তাকুমা আসানা (বোহম), দাইজেন মায়েদা (সেল্টিক), আয়াসে উয়েদা (সার্কেল ব্রুগ), সুতো মাচিনো (শোনান বেলমারে)