সংলাপে যাচ্ছে এনসিপি, প্রধানমন্ত্রীর সঙ্গে 'সোমবার বৈঠক'
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আরও দুই নেতা সচিবালয়ের ওই বৈঠকে থাকবেন বলে গভীর রাতে এক বার্তায় জানিয়েছে দলটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার দুপর ১টায় সচিবালয়ে এ বৈঠকের সূচি ঠিক করা হয়েছে বলে রোববার গভীর রাতে এনসিপির তরফে এমন বার্তা দিয়েছেন দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতাকে ঘিরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের সঙ্গে বিএনপি সংলাপ বসতে যাচ্ছে বলে যে খবর এসেছে তার মধ্যেই এনসিপি এ বৈঠকের তথ্য দিল।
রোববার রাত আড়াইটার দিকে সাংবাদিকদের গ্রুপে এ বার্তা দেন ইয়াসির আরাফাত।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এ বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অংশ নেবেন।
এদিনই যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে আসেন নাহিদ ইসলাম। রাতে অন্য নেতাদের সঙ্গে আলোচনা করে সংলাপে এনসিপির প্রতিনিধি দলে কারা থাকবেন তা ঠিক করা হয় বলে জানিয়েছেন দলের নেতারা।
তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহবায়ক জাতীয় ঐক্যের’ প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার কথা বলেন। এমন শর্ত দেওয়ার ঘণ্টা কয়েক পর দলের বার্তায় বৈঠকের সূচি জানানো হয়।
গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতার মধ্যে সংসদে সরকারপ্রধান তারেক রহমান চব্বিশের আন্দোলনের মতো ঐক্যের ডাক দেন। এর সূত্র ধরেই সংলাপের বিষয়টি সামনে আসে।
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় প্রাণহানিও ঘটে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করে সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পলাতক নেত্রীর’ এমন নির্দেশের কথা দেশবাসী জেনেছে।
বক্তব্যে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়ে রেখেছেন।
এমন প্রেক্ষাপটে রোববার বিভিন্ন সংবাদমাধ্যমে বিরোধী দলের সঙ্গে বিএনপি সংলাপে বসতে যাচ্ছে বলে খবরে আসে। এনসিপির পর জামায়াতে ইসলামীসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্য দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে খবরে বলা হয়।
