০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আতলেতিকো ম্যাচের আগে আক্রমণভাগে শক্তি আরও কমল বায়ার্নের

অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইসমায়েল সাইবারি ও সের্গে জিনাব্রি।

আতলেতিকো ম্যাচের আগে আক্রমণভাগে শক্তি আরও কমল বায়ার্নের

চোট পেয়ে ভূপাতিত ইসমায়েল সাইবারি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 07:54 PM

Updated : 01 Nov 2026, 08:00 PM

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের চোট সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দুই ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি ও সের্গে জিনাব্রি।

বায়ার্নের মাঠে শনিবার ২-২ ড্র ম্যাচটির প্রথম আধা ঘণ্টার আগেই ডান অ্যাঙ্কেলে চোট পান সাইবারি। দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন মরক্কোর এই ফুটবলার। পরে ক্রাচে ভর দিয়ে তার স্টেডিয়াম ছাড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরদিন জার্মান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানিয়েছে, সাইবারির লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার অস্ত্রোপচারও সফল হয়েছে।

সাইবারি মাঠ ছাড়ার দুই মিনিট পরই জিনাব্রিকে তুলে নেওয়া হয়। এই জার্মান তারকার বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে বলে জানিয়েছে ক্লাব।

Image

চোট পেয়ে মাঠ ছাড়ছেন সের্গে জিনাব্রি। ছবি: রয়টার্স

ম্যাচের শেষ দিকে ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসেকেও হারায় বায়ার্ন, সম্ভবত পেশির চোটে পড়েছেন তিনি। ম্যাচ শেষে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। তার চোট নিয়ে অবশ্য কিছু জানায়নি বায়ার্ন।

সাইবারি ও জিনাব্রিকে হারিয়ে বায়ার্নের আক্রমণভাগের শক্তি আরও কমে গেল। আগে থেকে মাঠের বাইরে আছেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াস ও জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে জার্মানির সফলতম ক্লাবটি।