২ হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সা শিবিরে জোড়া ধাক্কা
পিএসজি ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে রক্ষণভাগ হতে পারে বার্সেলোনা কোচের জন্য বড় দুর্ভাবনার কারণ।
খুব গুরুত্বপূর্ণ এক সপ্তাহের আগে অনেক বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার জুল কুন্দে ও এরিক গার্সিয়া।
সামাজিক মাধ্যমে রোববার এই দুজনের চোট পাওয়ার খবর নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার শিরোপাধারী পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী রোববার লা লিগায় ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা।
এমন দুই ম্যাচের আগে এই দুই চোট বড় ভাবনার কারণ হবে কোচ হান্সি ফ্লিকের জন্য।
ঊরুর চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ সেন্টার-ব্যাক গার্সিয়া। আর ফরাসি ডিফেন্ডার কুন্দে অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন।
কুন্দে মূলত রাইট-ব্যাক, তবে সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে পারেন। পিএসজি ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না তিনি। তবে রেয়াল ম্যাচের আগে তার সেরে ওঠার সম্ভাবনা আছে।
গত শনিবার লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি আরেক স্প্যানিশ সেন্টার-ব্যাক জেরার্দ মার্তিন। তবে রোববারের মেডিকেল আপডেটে তার বিষয়ে কিছু জানানো হয়নি।
এছাড়া চোটের জন্য আগে থেকেই বাইরে আছেন ডেনমার্কের আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
তাই সেন্টার-ব্যাক পজিশনের জন্য ফ্লিকের হাতে আপাতত প্রথম পছন্দের খেলোয়াড় আছেন দুজন- পাউ কুবার্সি ও মার্তিন।
