‘ভাবুন তো, হামজার ব্যাক হিল যদি ঢুকে যেত’
শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া ম্যাচে ফারহান আলী ওয়াহিদের একক প্রচেষ্টার গোলটির প্রশংসায়ও পঞ্চমুখ হলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।
টানা দুই ম্যাচ জিতে সেমি-ফাইনালে ওঠার উচ্ছ্বাস শুরুতে তেমন একটা দেখা গেল না বাংলাদেশ কোচ টমাস ডুলির মধ্যে। তবে, কথা যত এগুলো তার মুখে ফুটতে থাকল হাসি। ফারহান আলী ওয়াহিদের একক প্রচেষ্টার গোলের প্রসঙ্গ উঠতেই তার উচ্ছ্বাস বাড়ল আরও। তবে, হামজা চৌধুরীর ব্যাক হিলে বল জালে না পৌঁছানোয় কিছুটা হতাশাও ঝরল ডুলির কণ্ঠে।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। শমিত সোম দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন হামজা। এরপর ফারহান ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০০৩ সালের পর শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশ।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। তবে ২৫তম মিনিটে দুর্দান্ত একটি গোল পেতে পারতেন ইংল্যান্ড প্রবাসী এই তারকা। আরেক সতীর্থের লং বল পেয়ে হেডে তাকে বাড়ান রাকিব। আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগে প্রথম স্পর্শে বল বের করে নেন হামজা, এরপর তার ব্যাক হিলে বল উপরের জাল কাঁপায়।
দ্বিতীয়ার্ধে ড্রিবলিং করে একে-এক তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে, ডান পায়ের নিখুঁত শটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ফারহানের করা গোল নিয়ে কথা বলতে গিয়ে ডুলি হামজার ওই ব্যাক হিলের প্রসঙ্গ টানেন।
“হ্যাঁ, অবশ্যই (আমার দেখা সেরা গোলের একটি)। জানেনই তো, যেভাবে সে ওই তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল তা সত্যিই অসাধারণ, আর শট নেওয়াটাও খুব কঠিন ছিল এবং সেটা দারুণ হয়েছে। তাই সামগ্রিকভাবে এটা চমৎকার ছিল।
“আপনি ভাবুন যদি হামজার ব্যাক হিল পাসটি ঢুকে যেত, তাহলে আজ আমাদের কী ধরনের গোল হতো! রাকিবও একটা দারুণ গোল করেছে। তাই প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়দের ভূমিকায় আমরা খুশি ও গর্বিত হতে পারি।”
