ভিয়ারেয়াল ম্যাচের আগে দলকে যে কারণে সতর্ক করলেন এনরিকে
চ্যাম্পিয়ন্স লিগে আসরের শুরুটা দুর্দান্ত হলেও আসছে ম্যাচে তা কোনো কাজে আসবে না, দলের উদ্দেশে এই বার্তা দিয়েছেন পিএসজি কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নে দারুণ ছন্দে ছুটছে পিএসজি। সবশেষ দুই রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে তারা। তবে ভিয়ারেয়াল ম্যাচের আগে, ওই দুই জয়ের কারণে শিষ্যদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে মানা করলেন লুইস এনরিকে।
ইউরোপ সেরার মঞ্চে সিটি ও বার্সেলোনার বিপক্ষে দুই ম্যাচেই ৪-২ গোলে জয়সহ টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে পিএসজি। চতুর্থ রাউন্ডে শনিবার ভিয়ারেয়ালের মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।
স্কোয়াডের শক্তির বিচারে স্প্যানিশ দলটি অনেক পিছিয়ে থাকলেও, তাদের বিপক্ষে লড়াইটিকে হালকাভাবে দেখতে চান না এনরিকে। কারণ হিসেবে গত রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ভিয়ারেয়ালের পারফরম্যান্স তুলে ধরেন তিনি; অ্যানফিল্ডে আধা ঘণ্টার মধ্যেই দুই গোলে এগিয়ে যায় তারা, যদিও পরে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ গোলে জিতে যায় ইংলিশ দলটি।
আসছে ম্যাচের আগে তাই দলকে আত্মতুষ্টিতে না ভুগে, নিজেদের সেরাটা মেলে ধরার বার্তা দিলেন এনরিকে।
“কেউ যদি ভাবে, (এখন পর্যন্ত আমরা যে ফল পেয়েছি) সেটাই আমাদের আসছে ম্যাচ জিতিয়ে দেবে, তাহলে সে ভুল করছে। সেই তাড়না যদি না থাকে, তাহলে ম্যাচ জেতা অসম্ভব হবে, সংকল্প এবং ম্যাচ জুড়ে দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে।
“আমাদের সামনে এক শক্তিশালী ভিয়ারেয়াল দল, যারা এখন পর্যন্ত কঠিন সব ম্যাচ খেলেছে। তারা খুব ভালো একটা দল, এবং তাদের খুব ভালো একজন কোচ আছে।”
ইনিগো পেরেসের কোচিংয়ে তিন ম্যাচে একটি জিতে ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ১৯ নম্বরে আছে ভিয়ারেয়াল। আর লা লিগায় তারা আছে নবম স্থানে।
দলটির বিপক্ষে জিততে হলে কী করতে হবে, সেটাও জানালেন এনরিকে।
“প্রথম মিনিট থেকেই আমাদের দেখাতে হবে যে, আমরা প্রস্তুত এবং আমাদের মধ্যে জয়ের তাড়না আছে। এই ম্যাচে পেছনের কোনো ফল কোনো কাজে আসবে না।”
ভিয়ারেয়ালের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
