১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘টুখেলকে বলে দিন যে স্পেনে বর্ণবাদ নেই’

ইংল্যান্ড কোচ টমাস টুখেল বলেছেন, মাদ্রিদে স্পেনের বিপক্ষে ম্যাচে তার খেলোয়াড়দের বর্ণবাদবিরোধী প্রোটোকলের কথা মনে করিয়ে দেবেন তিনি, সেটির কড়া জবাব দিয়েছেন স্পেন কোচ।

‘টুখেলকে বলে দিন যে স্পেনে বর্ণবাদ নেই’

লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 07:59 AM

Updated : 15 Nov 2026, 07:59 AM

নেশন্স লিগে স্পেন ও ইংল্যান্ডের ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে বর্ণবাদের প্রসঙ্গ। ইংল্যান্ড কোচ টমাস টুখেল বলেছেন, মাদ্রিদে ম্যাচটির আগে তার খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকলের কথা মনে করিয়ে দেবেন তিনি। তার এই মন্তব্যের কড়া জবাব দিয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘তারা কেউ বর্ণবাদী নন।’

আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

২০০৪ সালে রেয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত এক ‘কুখ্যাত’ ম্যাচের পর, মাদ্রিদে এটিই ইংল্যান্ডের প্রথম ম্যাচ। ওই ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়েছিল।

চলতি বছরের মার্চে বার্সেলোনার কাছে অবস্থিত আরসিডিই স্টেডিয়ামে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের সময় স্পেনের সমর্থকরা দুইবার ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ায়, গত মাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করে ফিফা। একই সঙ্গে ঘরের মাঠে তাদের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একাংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্পেনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে টুখেল বলেন, “সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগেও (২০২৫ সালের সেপ্টেম্বরে বেলগ্রেডে) আমরা একই বিষয়ে আলোচনা করেছিলাম। একটি সুনির্দিষ্ট প্রোটোকল রয়েছে।

“মাদ্রিদে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে খেলোয়াড়দের এই প্রোটোকল সম্পর্কে জানাতে আমরা পাঁচ মিনিট সময় নেব।”

নেশন্স লিগের আয়োজক উয়েফা স্টেডিয়ামের ভেতরে বৈষম্যমূলক ঘটনা মোকাবিলার জন্য তিন ধাপের একটি প্রোটোকল তৈরি করেছে। এই প্রোটোকল অনুযায়ী, রেফারিদের ম্যাচ সাময়িকভাবে থামিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে তারা ম্যাচটি পুরোপুরি বাতিলও করতে পারেন।

প্রথম ধাপে, রেফারি ম্যাচটি থামিয়ে স্টেডিয়ামের লাউডস্পিকারে এ বিষয়ে ঘোষণা দেওয়ার অনুরোধ জানাবেন।

এরপরও যদি বৈষম্যমূলক আচরণ চলতে থাকে, তাহলে রেফারি পাঁচ থেকে ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে পারেন এবং খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নিতে পারেন।

দ্বিতীয়বার খেলা থামানোর পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ম্যাচটি পুরোপুরি বাতিল করে দেওয়া হতে পারে।

টুখেল বলেন, “খেলোয়াড়দের এই প্রোটোকল সম্পর্কে জানাটা খুবই জরুরি। আর যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে আমরা অবশ্যই যথাযথ পদক্ষেপ নেব। সবচেয়ে ভালো উত্তর দেওয়া যায় মাঠেই।”

শনিবার দে লা ফুয়েন্তের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, টুখেলের কথা এই ইঙ্গিত দেয় কি না যে, স্প্যানিশ ফুটবলে এখনও অনেক কিছু করার বাকি আছে। স্পেন কোচ বলেন, “আমি তা মনে করি না।

“টুখেলকে বলে দিন যে, স্পেনে বর্ণবাদ নেই। বিষয়টি খুবই সহজ। ঠিক যেমনটা ইংল্যান্ডেও। আমরা বর্ণবাদী নই।”

আগেই কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করা স্পেন ও ইংল্যান্ডের জন্য ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার লড়াই।

পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে স্পেন। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। গ্রুপের বাকি দুই দল ক্রোয়েশিয়ার ৩ পয়েন্ট, চেকিয়ার শূন্য।

গত সেপ্টেম্বরে প্রথম দেখায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৩-২ গোলের হারায় স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন দলটি রেকর্ড টানা ৪৩ ম্যাচে অপরাজিত রয়েছে।