০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় আল নাস্‌রের স্কোয়াডে নেই রোনালদো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে আল নাস্‌র দলের সঙ্গে উজবেকিস্তানে যাননি রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 12:12 PM

Updated : 02 Nov 2026, 12:12 PM

আগের ম্যাচেই হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনালদো নেই পরের ম্যাচের আল নাস্‌রের স্কোয়াডে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সেই বিশ্রাম কোনো ফুটবল সংক্রান্ত কারণ বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ নয়। মূলত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই ম্যাচে থাকছেন না আল নাস্‌র অধিনায়ক।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পাহতাকর এফসির বিপক্ষে ম্যাচটি খেলতে উজবেকিস্তানে পৌঁছেছে আল নাস্‌র। তবে দলের সঙ্গে যাননি রোনালদো। এই প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচ এক সপ্তাহ আগে স্থগিত হওয়ার পর এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এশিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্টগুলোকে প্রভাবিত করতে থাকবে, এমন উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি প্রো লিগের সবশেষ ম্যাচটিকে হ্যাটট্রিক করার পর রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৮৫।

শুধু রোনালদোই নয়, এই ম্যাচে বিশ্রাম পেয়েছেন কিংসলে কুমান ও মোহাম্মদ সিমাকানও। ম্যাচের আগের দিন টাসকেন্টে সংবাদ সম্মেলনে আল নাস্‌রের কোচ অ্যাঞ্জ পোস্তেকোগ্লু বলেন, “অনেক ম্যাচের চাপ এবং ভ্রমণের পরিমাণ বিবেচনা করে” তিনি এই তিনজনকে বিশ্রাম দিয়েছেন। যদিও মূল কারণটি অনেকটা প্রকাশ্যই।

গত সপ্তাহেও রোনালদোরা বিশ্রাম পেয়েছিলেন, কারণ নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ওয়াসল। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাই ম্যাচটি স্থগিত করে দেয়। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এই টুর্নামেন্টে ঘরের মাঠে আল নাসরের আগের ম্যাচটি এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।

গত কিছুদিন ধরে চলা অস্থিরতার প্রেক্ষিতে আগামী ৭ জানুয়ারি থেকে সৌদি আরবে শুরু হতে যাওয়া যদিও সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বলে মনে হচ্ছে, ৭ই জানুয়ারি সৌদি আরবে শুরু হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌদি আরবে দফায় দফায় হামলা চালিয়েছে হুতিরা। টুর্নামেন্টটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে গত মাসে এএফসি কংগ্রেসে সন্দেহ প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেইয়াসু মিয়ামোতো।

“বিভিন্ন খবর থেকে যা জেনেছি, তাতে পরিস্থিতি এখনও অনিরাপদ, তাই এই মুহূর্তে আমার মনে হয় না সেখানে (এশিয়ান) কাপ আয়োজন করা সহজ হবে।”

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা টুর্নামেন্ট সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এখনও সময় আছে বলে ঘোষণা করার পর মিয়ামোতো এই মন্তব্য করেন। সালমান বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আছে।

“আমরা নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি। এই অঞ্চলে পরিস্থিতি খুব দ্রুত ভালো বা খারাপের দিকে বদলে যেতে পারে, এবং এখন দেখার বিষয় হলো কী ঘটে। যদি আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তবে আমরা তা নেব, কিন্তু প্রয়োজনে আমরা এক বছর পিছিয়ে ২০২৮ সাল পর্যন্ত যেতে পারি।"

সৌদি আয়োজকরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচী অনুযায়ীই প্রস্তুতি চলছে। গত সপ্তাহে সব ম্যাচের কিক-অফ সময় ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।