১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইয়ামালকে নিয়ে ‘মিথ্যা ছড়ানোয়’ অসন্তুষ্ট স্পেন কোচ

লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, তার দলের কাউকে বাড়তি সুবিধা দেওয়া হয় না।

ইয়ামালকে নিয়ে ‘মিথ্যা ছড়ানোয়’ অসন্তুষ্ট স্পেন কোচ

লামিন ইয়ামালকে (বাঁয়ে) দিক নির্দেশনা দিচ্ছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:47 PM

Updated : 12 Nov 2026, 06:47 PM

ক্লাবের ব্যস্ততা সেরে লামিন ইয়ামালকে সবার পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেওয়া নিয়ে সমালোচকরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, তরুণ বার্সেলোনা ফরোয়ার্ডকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, যা একদমই ভালো লাগেনি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের।

হাঁটুতে কিছুটা সমস্যা থাকায় উয়েফা নেশন্স লিগে চেকিয়ার বিপক্ষে খেলতে দলের সঙ্গে সফরে যাননি ইয়ামাল। চেকিয়ার মাঠে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।

আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন, ঘরের মাঠে এই ম্যাচে অবশ্য ইয়ামালের খেলার জোর সম্ভাবনা আছে।

আর এই বিষয়টা নিয়েই সমালোচকরা প্রশ্ন তুলেছে। ইয়ামালের দেরিতে ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে, কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে জাতীয় দলে এই তরুণ তারকার বাড়তি সুবিধা পাওয়ার ইঙ্গিত করেছে। সবার সন্দেহ দূর করতে দে লা ফুয়েন্তে তুলে ধরলেন ইয়ামালের হাঁটুতে সামান্য সমস্যা থাকার বিষয়টি।

“আমাদের মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পরীক্ষা করেছে, এবং আমি সিদ্ধান্তটা নিয়েছি, তাকে এই সফরে না রাখার। বাড়িতে থেকে ক্লাবের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাওয়াটা তার জন্য ভালো হবে।

“লামিন কোনো বিশেষ সুবিধা পায় না। দলে অন্য যেকোনো খেলোয়াড়ের জন্যই আমরা এটা করতাম।”

রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবালও দেরিতে জাতীয় দলে যোগ দিবেন। ফ্লুজনিত শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন গত সোমবার জানায়, লা লিগায় রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করার কথা জানিয়েছিলেন ইয়ামাল। ওই কারণেই তাকে চেকিয়া ম্যাচের স্কোয়াড থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেন দে লা ফুয়েন্তে।

কিন্তু সাধারণ একটা বিষয় নিয়ে নানাভাবে মিথ্যা খবর দেওয়া মানতে পারছেন না স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ।

“আমার যেটা সবচেয়ে খারাপ লাগে, তা হলো মিথ্যা বলা, সত্য প্রকাশের চেষ্টা না করা এবং তথ্যকে ঘুরিয়ে পেচিয়ে প্রকাশ করা।

“একারণে আমার যতটুকু জানানোর প্রয়োজন, তার চেয়েও বেশি জানাই আমি। কিন্তু মানুষের সত্য জানার এটাই একমাত্র উপায়। আমি ওইসব মানুষদের সহ্য করতে পারি না, যারা ধোঁকা দেয় ও মিথ্যা বলে।”