নেইমারের গোলের পরও বিশ্বাস হারায়নি ক্রোয়েশিয়া
ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জয়কে বিশেষ কিছু বলছে ক্রোয়াটরা।
কাতার বিশ্বকাপে আগে গোল খেয়ে ঘুরে দাঁড়ানোটা যেন অভ্যাসে পরিণত করেছে ক্রোয়েশিয়া। সবশেষ যা দেখা গেছে ব্রাজিলের বিপক্ষে। বিদায়ের দুয়ারে পৌঁছে গিয়েও যেভাবে তারা সেমি-ফাইনালে উঠেছে, তা অবিশ্বাস্য। ক্রোয়াট ডিফেন্ডার দেইয়ান লভরেন বলছেন, অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার বিশ্বাস তাদের ছিল।
প্রথম কোয়ার্টার-ফাইনালে শুক্রবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া।
আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ৯০ মিনিটের পর ১০৬তম মিনিটে নেইমারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে ১১৭তম মিনিটে সমতা টানেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ব্রুনো পেতকোভিচ। এরপর টাইব্রেকারে ক্রোয়াটদের জয়োল্লাস।
ম্যাচ শেষে লভরেন বলেন, পিছিয়ে পড়লেও মুষড়ে পড়েননি তারা।
“অবশ্যই ফেভারিটদের বিপক্ষে এটি বিশেষ কিছু। ব্রাজিল দুর্দান্ত দল। আমরা শেষ ১৫ মিনিটের শেষ দিকে বলছিলাম: নিজেদের ওপর বিশ্বাস রাখা বন্ধ করো না। সবাই এটা বলছিল। জানতাম, যত কঠিনই হোক, আমরা এই ম্যাচে ঘুরে দাঁড়াব। আমরা সত্যিই বিশেষ কিছু।”
গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় জাপানের বিপক্ষেও প্রথমার্ধে গোল হজমের পর দ্বিতীয়ার্ধে সমতা টানে তারা। এরপর ম্যাচ জিতে নেয় টাইব্রেকারে।
এবার তারা প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখল ব্রাজিলের বিপক্ষে। এই ম্যাচে ১২০ মিনিটে মোট ১১টি সেভ করেন ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকভিচ। টাইব্রেকারেও রদ্রিগোর নেওয়া ব্রাজিলের প্রথম শট ফিরিয়ে দেন তিনি।
শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে তিনটি সেভ করেছিলেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। সাফল্যের রহস্য জানালেন লিভাকভিচ।
“পেনাল্টি শুটআউটের ক্ষেত্রে আমরা যোদ্ধা, আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি, এই তো। আমরা অভিজ্ঞ এবং আমরা যোদ্ধা হিসেবে বেড়ে উঠেছি। আমাদের সেরাটা দেওয়ার জন্য কোনো প্রচেষ্টাই বাকি রাখিনি আমরা। আর এটাই আমাদের সাফল্যের রেসিপি।”
