২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের ‘ভালোবাসা’ মেসির ভয়ের কারণ

ঝুঁকি নিয়ে ভক্তদের মাঠে ঢুকে পড়ার নেতিবাচক দিক তুলে ধরলেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 09:00 PM

Updated : 12 Nov 2022, 09:07 PM

খেলা চলাকালীন ভক্তদের মাঠে ঢুকে পড়ার ঘটনা হরহামেশাই দেখা যায়। অনেক সময় খেলা থামিয়ে তাদের আবদারও ‘মেটাতে হয়’ তারকাদের। কখনও আবার পড়তে হয় বিড়ম্বনায়। আর্জেন্টিনার সবশেষ ম্যাচে যেমন লিওনেল মেসিকে উদ্দেশ্যে করে তিনবার মাঠে ঢুকে পড়েন দর্শক। সেই ম্যাচের স্মৃতি মনে করে এই মহাতারকা বললেন, এসব ঘটনা অনেক সময় ভয় পাইয়ে দেয় তাকে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গত সেপ্টেম্বরে জ্যামাইকার বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া গোল করেছিলেন মেসি।

ম্যাচটিতে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে তিনবার মাঠে ঢুকে মেসির কাছে ছুটে যান দর্শক। একজন এমনকি নিজের পিঠে অটোগ্রাফ নেওয়ার চেষ্টাও করেন।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে-তে শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে অনেক কিছুর মধ্যে ভক্তদের এসব আচরণ নিয়েও কথা বলেন মেসি।

“অনেক কিছুই ঘটে যায়। কিছু ঘটনায় মাঝেমধ্যে ভয় লাগে। আর্জেন্টিনার সবশেষ ম্যাচে যেমন নিরাপত্তারক্ষীরা এসে (পরিস্থিতি সামলাতে) আমাকে মেরেও বসেছিল!”

খেলা চলাকালীন ঝুঁকি নিয়ে মাঠে ঢুকে পড়লে অনেক সময় শাস্তিও পেতে হয় ওই দর্শককে। পরিণতি জেনেও ভক্তদের এভাবে মাঠে ঢুকে পড়া মেসির কাছে ‘ভালোবাসার নিদর্শন।’ তবে এসবের নেতিবাচক দিকও মনে করিয়ে দিলেন পিএসজির ফরোয়ার্ড।

“কেউ জানে না নিরাপত্তারক্ষীরা কেমন আচরণ করবে। কখনও কখনও তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, যে সবের আসলে প্রয়োজন নেই। তখন সবার জন্যই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।”