‘বলার ভাষা নেই’, দে মিয়েলের মৃত্যুতে মেসির শোক
প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনা ছুঁয়ে গেছে আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে।
মাঠে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিয়েলের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। শোক প্রকাশ করছেন অনেক ফুটবলার। সেখানে আছেন মহাতারকা লিওনেল মেসিও।
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে সোমবার এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় তেনেরিফের স্ট্রাইকার দে মিয়েলের। সে সময় তিনি মাথা ও বুকে আঘাত পান এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
মাঠে কিছুক্ষণ শুশ্রূষা দেওয়ার পর দে মিয়েলকে দ্রুত আম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় সময় মঙ্গলবার সকালে মারা যান ৩০ বছর বয়সি এই ফুটবলার।
তার মৃত্যুতে রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল, বায়ার্ন মিউনিখসহ বিশ্বের বিভিন্ন ক্লাব শোক প্রকাশ করেছে। কিলিয়ান এমবাপে, তিবো কোর্তোয়া, পেদ্রি, সের্হিও রামোস, জেরার্দ পিকে থেকে শুরু করে সাবেক-বর্তমান অনেক ফুটবলার সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি লিখেছেন, “বলার কোনো ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের জন্য অনেক শক্তি কামনা করি। শান্তিতে ঘুমাও।”
টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালও শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
“কী বড় এক ক্ষতি... এই কঠিন সময়ে হেসুস দে মিয়েলের পরিবার ও বন্ধুদের প্রতি আমার ভালোবাসা ও উষ্ণ আলিঙ্গন। তেনেরিফের প্রতিও আমার সমবেদনা।”
দে মিয়েলের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ।
