১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ফসলের মাঠে হাতবোমা বিস্ফোরণ, আহত ৩

জমিতে ককটেল শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে বলে ধারণা স্থানীয়দের।

শরীয়তপুরে ফসলের মাঠে হাতবোমা বিস্ফোরণ, আহত ৩

শরীয়তপুরের জাজিরা থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:34 PM

Updated : 18 Nov 2026, 09:34 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ফসলের মাঠে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মো. সালেহ আহাম্মদ জানিয়েছেন।

আহতরা হলেন- উপজেলার বালিয়াকান্দি এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)।

তাদের মধ্যে নয়ন জমাদ্দারের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জমিতে ককটেল শুকানোর সময় অসাবধানতাবশত এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা স্থানীয়দের।

তবে আহতদের স্বজনদের দাবি, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে।

স্থানীয় কৃষক ছায়েদ জমাদ্দার বলেন, “আমি পাশের একটি খেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন আহত অবস্থায় পড়ে আছেন। তাদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর।

“পরে শুনেছি, তাদের ওপর নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা আমি দেখিনি।”

বিষয়টি সম্পর্কে কিছু্‌ জানেন না বলে দাবি সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের।

ওসি সালেহ আহাম্মদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।