২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

প্রাণ বাঁচাতে রবেন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয় বলে ভাষ্য প্রত্যক্ষদর্শীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 08:07 PM

Updated : 27 Oct 2026, 08:07 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেলুনে ঢুকে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম।

নিহত রবেন্দ্র ঋষি (৪৩) ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন।

রবেন্দ্র ঋষির স্ত্রী সূচিত্রা বলেন, স্থানীয় এক যুবক প্রায়ই রবেন্দ্রর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা দেওয়া বন্ধ করা এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এর আগেও ওই যুবক রবেন্দ্রকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সূচিত্রা। তার অভিযোগ, ওই বিরোধের জেরেই তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন ওই যুবক। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে এক দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।