২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের ৬৪ বছর পর গাভি

বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কম বয়সী গোলস্কোরার হয়ে গেলেন স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2022, 01:38 AM

Updated : 24 Nov 2022, 01:57 AM

কোস্টা রিকার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসে নাম লেখান গাভি। পরে জালের দেখা পেয়ে স্পেনের তরুণ এই মিডফিল্ডার গড়লেন আরেক কীর্তি। ১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন তিনি।

দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৭-০ গোলে জেতে স্পেন। বিশ্বকাপে যা তাদের সবচেয়ে বড় জয়।

স্পেনের সবচেয়ে কম বয়সী (১৮ বছর ১১০ দিন) খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে দলের পঞ্চম গোলটি করেন গাভি। আলভারো মোরাতার বুদ্ধিদীপ্ত ক্রসে সাইড ফুটের চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা মিডফিল্ডার।

গোল করা ছাড়াও উজ্জীবিত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন তিনি।

সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কম বয়সী গোল স্কোরার এখন গাভি। তার চেয়ে কম বয়সে গোল করেছেন কেবল মেক্সিকোর মানুয়েল রোসা ও পেলে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ১৮ বছর ৯৩ দিন বয়সে গোল করেছিলেন রোসা। ২৮ বছর পর তার রেকর্ড ভেঙে দেন পেলে। ১৯৫৮ আসরে কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেন তিনি। এরপর সেমি-ফাইনালে হ্যাটট্রিক, ফাইনালে জোড়া গোল, শিরোপা জয়- সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন কিংবদন্তি।