রাইট ব্যাকে গাভি? ফ্লিকের ‘না’
চোটে অনেক ডিফেন্ডার বাইরে থাকায় কেউ কেউ মিডফিল্ডার গাভিকে রক্ষণে দেখতে চান, তাদের মাঝে নেই বার্সেলোনা কোচ।
মৌসুমে দুর্দান্ত শুরুর পর মাঝে টানা দুই হারে বার্সেলোনার রক্ষণ নিয়ে চলছে চর্চা। তবে ডিফেন্ডারদের চোট সমস্যা থাকায় সেই আলোচনায় ঢুকতেই চাইছেন না হান্সি ফ্লিক। প্রথম পছন্দের ডিফেন্ডারদের অনুপস্থিতিতে নানাভাবে রক্ষণ সাজানাতে হচ্ছে তাকে। তবে এর মাঝেও মিডফিল্ডার গাভিকে রক্ষণে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের জন্য মাত্র চার জন ফিট ডিফেন্ডার আছে ফ্লিকের হাতে। এই পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে একজন প্রশ্ন করেন, রাইট ব্যাক হিসেবে গাভি বিকল্প হতে পারেন কি না। যা উড়িয়ে দেন বার্সেলোনা কোচ।
“না, গাভিকে আমি রাইট ব্যাক হিসেবে ভাবি না। আমরা সবাই গাভির মান সম্পর্কে জানি। গাভি সবসময়ই একটা বিকল্প, তবে যখন ম্যাচ শুরু হয়, তখন কখনও কখনও এই বিকল্প মিলিয়ে যায়। অবশ্যই আত্মবিশ্বাস যোগাতে তার ভূমিকা নিয়ে আমি তার সঙ্গে কথা বলি।”
লেফট ব্যাক ও সেন্টার ব্যাক দুই পজিশন নিয়েও ভাবতে হচ্ছে ফ্লিককে।
“জেরার্দ মার্তিন লেফট ব্যাক পজিশনে ফিরতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। জেরার্দের মানের জন্যই সেটা সম্ভব। সে লেফট ব্যাক ও সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। সে আমাদের পরিকল্পনায় আছে। আগামীকাল দেখব কী ঘটে।”
এই মুহূর্তে রক্ষণই বার্সেলোনার সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে। সেটা মানছেনও কোচ। ফিট থাকা খেলোয়াড়দের নিয়েই যত দ্রুত সম্ভব রক্ষণ আঁটসাঁট করে ফেলতে চান তিনি।
“আমাকে কিছুটা শান্ত হতে হবে। কারণ, রক্ষণে আমাদের এখন কেবল চার জন খেলোয়াড় আছে। যদি চোট পাওয়া খেলোয়াড়দের মান দেখেন, দেখবেন এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ নয়।
“তবে যখন আমি দেখলাম, ফ্রেংকি (ডি ইয়ং) চোট থেকে ফিরে এলো এবং বলল, যদি সম্ভব হয় তো আমি এই পজিশনে খেলে দলকে সাহায্য করতে চাই। এটা অসাধারণ। এক কথা ব্রায়নের (ফারিয়ান্স) ক্ষেত্রেও প্রযোজ্য। যখন চোট পাওয়া খেলোয়াড়রা ফিরবে আমরা খুশি হব। আশা করি শাভিকে (এস্পোর্ত) পরের ম্যাচে পাব। অন্যদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
দ্বিতীয় দলের খেলোয়াড় ফারিয়ান্স মূলত মিডফিল্ডার। তবে দলের প্রয়োজনে মূল দলে অভিষেকে রাইট ব্যাক হিসেবে খেলেন তিনি। ভিলার বিপক্ষেও তাকে খেলানোর কথা ভাবছেন ফ্লিক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।
