২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চেন্নাইয়ে জাহিরের সঙ্গী অ‍্যালবি মর্কেল-ব‍্যাটি-মোহিত

চেন্নাইয়ের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তনের মাঝে টিকে আছেন শুধু শ্রীধরন শ্রীরাম ও জেমস ফস্টার।

চেন্নাইয়ে জাহিরের সঙ্গী অ‍্যালবি মর্কেল-ব‍্যাটি-মোহিত

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালবি মর্কেল। ছবি: আইপিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 05:38 PM

Updated : 27 Oct 2026, 05:37 PM

সহকারী কোচ হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন অ‍্যালবি মর্কেল ও গ্যারেথ ব্যাটি। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহিত শার্মা।

চেন্নাইয়ের দীর্ঘ দিনের কোচ স্টিভেন ফ্লেমিং কিছু দিন আগে ইংল‍্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেন। এরপর কোচিং প‍্যানেল ঢেলে সাজানোর উদ‍্যোগ নেয় আইপিএলের দলটি। নতুন প্রধান কোচ হিসেবে তারা নিয়োগ দেয় ভারতের সাবেক পেসার জাহির খানকে।

এক দশক বা এর বেশি সময় ধরে চেন্নাইয়ের সঙ্গে কাজ করা ব্যাটিং কোচ মাইক হাসি, বোলিং কোচ এরিক সিমন্স, ট্রেনার গ্রেগ কিং ও ফিজিও টমিও সরে যান। এতে গত মৌসুমে কাজ করেছেন এমন কোচদের মধ‍্যে থেকে যান কেবল সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম ও ফিল্ডিং কোচ জেমস ফস্টার। ইংল‍্যান্ড দলের সঙ্গেও যুক্ত আছেন ফস্টার।

২০০৮ সালের উদ্বোধনী আসর থেকে ২০১৩ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মর্কেল। এই সময়ে ৭৮ ম্যাচে ৮২৭ রান করার পাশাপাশি বোলিংয়ে ৭৬ উইকেট নেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়েও খেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন জোবার্গ সুপার কিংসের সঙ্গেও যুক্ত মর্কেল। ফ্লেমিংয়ের বিদায়ের পর দলটির প্রধান কোচ হন তিনি।

২০১৩ থেকে ২০১৯ সালের মধ‍্যে চার মৌসুমে চেন্নাইয়ে খেলেন ভারতীয় পেসার মোহিত। এ সময়ে দলটির হয়ে ৪৮ ম্যাচে ৫৮ উইকেট নেন তিনি।

চেন্নাইয়ের পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের হয়েও খেলেন মোহিত। ২০২৩ আইপিএলে গুজরাটের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সেবার দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। গত ডিসেম্বরে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

কখনও আইপিএলে না খেলা ইংলিশ অফ স্পিনার ব‍্যাটি ২০২১ সাল থেকে বর্তমানে কাউন্টি দল সারের কোচিং প্যানেলে আছেন। এছাড়া ২০২৫ সালে ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ দা হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলস এবং সবশেষ আসরে এমআই লন্ডনের সহকারী কোচ ছিলেন তিনি।