০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আবার গোল্ডেন বুট জিতে মেসির অনন‍্য কীর্তি

গোল্ডেন বুট নিশ্চিত করার পর লিওনেল মেসির সামনে এখন তৃতীয়বারের মতো এমভিপি স্বীকৃতির হাতছানি।

আবার গোল্ডেন বুট জিতে মেসির অনন‍্য কীর্তি

মেজর লিগ সকারে যেন উড়ছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 12:57 PM

Updated : 08 Nov 2026, 12:56 PM

লিওনেল মেসির সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পাতা। মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে তিনি গড়লেন ইতিহাস।

এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিন মেসির গোল্ডেন বুট জয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার পরপর দুই মৌসুমে পেলেন সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি।

ইন্টার মায়ামির হয়ে এবারের লিগে ৩১ ম্যাচে ২৬ গোল করেন মেসি। এর সঙ্গে রয়েছে ১৭টি অ্যাসিস্ট। গোলদাতার তালিকায় মেসির পরে এফসি ডালাসের পিটার মুসা, ২২ গোল। এছাড়া ন্যাশভিল এসসির স্যাম সারিজ করেন ২১ গোল।

এমএলএসের গত মৌসুমে ২৯ গোল করেন মেসি। যার সৌজন্যে লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোলের কীর্তিতে লেখা হয় তার নাম।

সব মিলিয়ে ষষ্ঠ ফুটবলার হিসেবে এমএলএসে দুবার গোল্ডেন বুট জিতলেন মেসি। তার আগের পাঁচ জন হলেন- ব্র্যাডলি রাইট ফিলিপস (২০১৪ ও ২০১৬), ক্রিস উন্দোলস্কি (২০১০ ও ২০১২), জেফ কানিংহাম (২০০৬ ও ২০০৯), টেইলর টুয়েলমান (২০০২ ও ২০০৫) এবং প্রেকি (১৯৯৭ ও ২০০৩)।

১৯৯৬ সালে লিগ শুরুর পর থেকে ২০০৪ সাল পর্যন্ত পয়েন্টের ভিত্তিতে দেওয়া হতো গোল্ডেন বুট। প্রতি গোলের জন্য দুই পয়েন্ট ও অ্যাসিস্টের জন্য ছিল এক পয়েন্ট। ২০০৫ সাল থেকে সরাসরি সর্বোচ্চ গোলদাতাই পান এই পুরস্কার।

টানা দুবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়ার পর মেসির সামনে প্রথম ফুটবলার হিসেবে তিনবার এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) স্বীকৃতি পাওয়ার হাতছানি। মায়ামিকে ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস চ্যাম্পিয়ন করে এমভিপি হন মেসি।

ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় হয়ে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি। এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ লিগে সপ্তম হওয়া কলম্বাস ক্রু। প্রথম রাউন্ডে 'বেস্ট অব থ্রি' সিরিজ খেলবে দুই দল।