দারুণ ‘হ্যাটট্রিকে’ ক্রোয়েশিয়ার নায়ক লিভাকভিচ
তৃতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পেনাল্টি শুটআউটে তিনটি সেভ করলেন দমিনিক লিভাকভিচ।
একটি-দুটি নয়, টাইব্রেকারে প্রতিপক্ষের তিনটি শট ঠেকিয়ে দিলেন দমিনিক লিভাকভিচ। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তোলার পথে তিনি গড়লেন দারুণ এক কীর্তি।
আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে সোমবার শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে জাপানকে ৩-১ ব্যবধানে হারায় গত আসরের রানার্সআপরা।
পেনাল্টি শুটআউটে জাপানের তাকুমি মিনামিনো, কাওরো মিতোমা ও মায়া ইয়োশিদার শট ফিরিয়ে দেন লিভাকভিচ। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
তৃতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে পেনাল্টি শুটআউটে তিনটি সেভ করলেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।
২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পর্তুগালের রিকার্দো ও ২০১৮ আসরে শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে ক্রোয়েশিয়ার দানিয়েল সুবাসিচ এই কীর্তি গড়েছিলেন।
বিশ্বকাপে ক্রোয়েশিয়া তাদের সবশেষ তিনটি টাইব্রেকারের সবগুলোই জিতল। গত আসরে শেষ ষোলোয় ডেনমার্ক ও কোয়ার্টার-ফাইনালে রাশিয়াকে হারিয়েছিল তারা।
