তুরস্কে নির্বিচার গুলি, নিহত ৮
আঙ্কারা এবং উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত আফিয়নকারাহিসারের কাছাকাছি একটি গ্রামীণ এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
তুরস্কের মধ্যপশ্চিমাঞ্চলীয় তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বন্দুকধারীকে খুঁজে বের করতে একটি বড় ধরনের তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
আফিয়নকারাহিসার প্রদেশের গভর্নরের দপ্তর বলেছে, "দুর্ভাগ্যবশত, আমাদের প্রদেশের সশস্ত্র হামলায় আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।"
রাজধানী আঙ্কারা এবং উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত শহর আফিয়নকারাহিসারের কাছাকাছি একটি গ্রামীণ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এসব হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইউকারিতান্দির গ্রামের একটি রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে পাওয়া যায়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাদের উভয়ের মৃত্যু হয়।
ইউকারিতান্দির উত্তরপূর্বে কিয়ির গ্রামে গুলিবিদ্ধ আরও তিনটি মৃতদেহ পাওয়া যায়। আরও পূর্বদিকে আয়াজিনি গ্রামে পাওয়া যায় আরও তিনটি গুলিবিদ্ধ মৃতদেহ।
আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার জীবন সঙ্কটাপন্ন। তবে তিনি কোথায় আহত হয়েছেন, তা জানানো হয়নি।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে লাল রঙের একটি গাড়িতে করে পালিয়ে যেতে দেখা গেছে, পুলিশ তার পিছু নিয়েছিল। তবে তাকে আটক করা গেছে কি না, তা স্পষ্ট হয়নি।
