চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ বাংলাদেশিকে বিএসএফের নিয়ে যাওয়ার খবর
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনার খবর পাওয়ার পর তিনি সীমান্ত এলাকায় গিয়েছিলেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে বলে জানতে পেরেছে পুলিশ।
শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার হরিহরনগর সীমান্তে এ ঘটনার খবর পাওয়া যায়।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনার খবর পাওয়ার পর তিনি সীমান্ত এলাকায় গিয়েছিলেন। তখন জানতে পারেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।
যুবকের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে পারেননি বলেও জানান ওসি।
পুলিশ গুলিবিদ্ধ ওই যুবকের নাম জানায়নি।
তবে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের বলেছেন, আহত ওই যুবকের নাম মনিরুল ইসলাম (৩৫)। তিনি ওই সীমান্ত এলাকারই বাসিন্দা।
এ ব্যাপারে হরিহরনগর সীমান্ত এলাকার বিজিবির দায়িত্ব্প্রাপ্ত কর্মকর্তাকে মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ এ ব্যাপারে বিজিবির বক্তব্য জানার চেষ্টা করছে।
