সীমান্ত নিয়ে বিজিবি-বিএসএফের রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক
এ সময় উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি ও বিএসএফের রিজিয়ন কমান্ডার পর্যায়ে যৌথ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্তে বিএসএফের গুলি ও সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, যৌথ সীমান্ত ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়।
অন্যদিকে ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) শ্রী দলজিত সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে প্রতিনিধিত্ব করে।
উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
