১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে সন্দেহজনক গতিবিধিতে বিজিবির গুলি, আটক ৮

বিজিবি জানায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:19 PM

Updated : 16 Nov 2026, 11:19 PM

সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বিজিবি। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে ৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি দেখতে পেয়ে কয়েকটি সতর্কতামূলক গুলিবর্ষণ করে। পরে আটজনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্ত এলাকায় জনবল বাড়ানোর পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমন ও অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধিও সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।