খেলার জন্য ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন মার্তিনেস
অ্যাঙ্কেলের সমস্যা ঠিক হয়ে গেলে আর্জেন্টাইন স্ট্রাইকার মাঠে সেরাটা দিতে পারবেন, বিশ্বাস তার এজেন্টের।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলতে মরিয়া লাউতারো মার্তিনেস। অ্যাঙ্কেলের সমস্যা কাটিয়ে উঠতে আর্জেন্টাইন স্ট্রাইকার ব্যথানাশক ইনজেকশন নিচ্ছে বলে জানিয়েছেন তার এজেন্ট আলেহান্দ্রো কামাচো।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন মার্তিনেস। দলের হারের ওই ম্যাচে তিনি দুবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি।
এরপর মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচেও সেরা একাদশে জায়গা ধরে রাখেন ইন্টার মিলান স্ট্রাইকার। তবে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে শেষ দিকে বদলি নামান কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও গোলের সুবর্ণ সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
মার্তিনেসের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে আর্জেন্টিনার গণমাধ্যমে। দেশটির রেডিও স্টেশন লা রেড-এ আলাপচারিতায় কামাচো আশা প্রকাশ করেন, ব্যথা দূর হয়ে গেলে মাঠে সেরাটা দিতে পারবেন ২৫ বছর বয়সী ফুটবলার।
“লাউতারো ইনজেকশন নিচ্ছে, কারণ তার অ্যাঙ্কেলে অনেক ব্যথা হচ্ছে। ব্যথা দূর করার জন্য সে কঠোর পরিশ্রম করছে। পুরোপুরি সেরে উঠলে সে মাঠে সেরাটা দেখাতে পারবে। বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন সে।”
“মানসিকভাবে সে খুব শক্ত। কিন্তু সৌদি আরবের বিপক্ষে গোলগুলি না পাওয়া তার জন্য কঠিন মুহূর্ত ছিল।”
মার্তিনেসের জায়গায় সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে দুই গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
