ফেভারিট ফ্রান্সের সামনে আরেকটি মরক্কান রূপকথা?
অবিশ্বাস্য পথচলায় ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি মরক্কো।
রূপকথাই তো! মরক্কো সেমি-ফাইনাল খেলবে- বিশ্বকাপ শুরুর আগে কে ভেবেছিল এতটা? একের পর এক বিস্ময় উপহার দিয়ে, ইউরোপের প্রতিষ্ঠিত পরাশক্তিদের স্তব্ধ করে, ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে সেই দলটিই পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ। এখন তারা স্বপ্নের ফাইনালের খুব কাছে। সেই পথে তাদের সামনে এবার পাহাড় টপকানোর চ্যালেঞ্জ। এবারের প্রতিপক্ষ যে ফ্রান্স, যারা আসরের হট ফেভারিট, বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট যাদের মাথায়।
দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। আল খোরের আল বাইত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
বিশ্বকাপে আফ্রিকার দেশগুলির অঘটন ঘটানোর নজির অতীতেও দেখা গেছে। ১৯৮২ আসরে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে আলজেরিয়ার জয়, ১৯৯০ আসরে উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের সামনে শিরোপাধারী আর্জেন্টিনার ধরাশায়ী হওয়া, ২০০২ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে সেনেগালের বিশ্বকাপ অভিষেক রাঙানো- এসব হয়ে গেছে ইতিহাসের অংশ।
তবে মরক্কো এবার যা করেছে, সেটি স্রেফ অবিশ্বাস্য। তিন বছর আগেও যে মরক্কো আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোয় হেরেছিল বেনিনের মতো দুর্বল দলের কাছে, বিশ্বকাপের তিন মাস আগে যারা পায় নতুন কোচ, তারাই কাতারে এসে হারিয়ে দিয়েছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে, যাদের সবার অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে। চমক জাগানিয়া এসব সাফল্য প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কোকে নিয়ে গেছে বিশ্বকাপের সেমি-ফাইনালে।
একটা সময় ফরাসি ঔপনিবেশিক শাসনে থাকা মরক্কো ১৯৫৬ সালে স্বাধীনতা লাভের পর প্রথমবার বিশ্বকাপে খেলে ১৯৭০ আসরে। সেবার গ্রুপ পর্বেই থেমে যায় তাদের পথচলা। ১৬ বছর পর ১৯৮৬ আসরে তারা উঠে যায় শেষ ষোলোয়। এবারের আগ পর্যন্ত সেটিই ছিল বিশ্ব মঞ্চে তাদের সেরা সাফল্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত আরও তিন আসরে তাদের পথচলা থেমে গিয়েছিল গ্রুপ পর্বে।
নিজেদের আগের পাঁচ আসর মিলিয়ে ১৬ ম্যাচে তাদের জয় ছিল স্রেফ ২টি। এবারের আসরে এখনও পর্যন্ত ৫ ম্যাচেই ধরা দিয়েছে ৩টি জয়!
তাদের আসরের শুরুটা হয় গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে। এরপর তারা বড় চমক দেখায় বেলজিয়ামকে হারিয়ে, গত আসরে তৃতীয় হওয়া ও র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি বিদায় নেয় গ্রুপ পর্বে থেকেই। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই মরক্কো পা রাখে নকআউটের মঞ্চে।
এরপর শেষ ষোলোয় স্পেনকে ১২০ মিনিট আটকে রেখে টাইব্রেকারে জয়, শেষ আটে পর্তুগালকে হারিয়ে, ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়ে ফাইনাল থেকে তারা আর কেবল এক জয় দূরে।
সবচেয়ে বড় ব্যাপার, আসরে মরক্কো গোল হজম করেছে স্রেফ একটি। সেটিও কানাডার বিপক্ষে আত্মঘাতী। অগাস্টের শেষ দিকে কোচ ওয়ালিদ রেগরাগি দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত আট ম্যাচের একটিতেই কেবল জাল অক্ষত থাকেনি তাদের। অপরাজিত আছে সবগুলি ম্যাচে।
এসব তথ্যই বলে দিচ্ছে, মরক্কোর রক্ষণ কতটা জমাট। এখানে আরেকজনের কথা বলতেই হয়, গোলরক্ষক ইয়াসিন বোনো। স্পেনের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে জয়ের নায়ক ছিলেন তিনিই। পর্তুগালের বিপক্ষেও দারুণ কয়েকটি সেভ করে রোনালদো, জোয়াও ফেলিক্সদের গোলবঞ্চিত রাখেন ৩১ বছর বয়সী গোলরক্ষক।
এবার আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে বোনো ও তার সতীর্থদের সামনে। তাদের সামনে যে ফ্রান্সের বিধ্বংসী আক্রমণ ত্রয়ী। সেমি-ফাইনালের আগ পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম তিন জনের দুজনই ফ্রান্সের। কিলিয়ান এমবাপে করেছেন ৫ গোল, অলিভিয়ে জিরুদ ৪টি। জালের দেখা না পেলেও গোল বানিয়ে দেওয়ায় বড় অবদান রাখছেন আরেক ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান। গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিতে পটু উসমান দেম্বেলেও।
শেষ আটে ইংল্যান্ড অবশ্য এমবাপেকে আটকে রাখতে সমর্থ হয়েছিল ভালোভাবেই। মরক্কো যদি বাম দিকে এমবাপেকে আটকে রাখায় বেশি মনোযোগ দেয়, সেক্ষেত্রে আবার আশরাফ হাকিমি, হাকিম জিয়াশদের ডান দিক দিয়ে প্রতি-আক্রমণে ওঠার পথ সীমিত হয়ে যাবে অনেকটা।
এমবাপে ও হাকিমির জন্য লড়াইটা ব্যক্তিগত দ্বৈরথেরও। ক্লাব পর্যায়ে দুজনই খেলেন পিএসজির জার্সিতে। ভালো বন্ধুও তারা। তবে ৯০ কিংবা ১২০ মিনিটের জন্য সেই বন্ধুত্ব নিশ্চিতভাবে ভুলে যাবেন দুজন। লক্ষ্য থাকবে একটাই- নিজ দলের জয়।
ফ্রান্সের সেমি-ফাইনালে আসাটা একরকম প্রত্যাশিতই। চার বছর আগে রাশিয়া আসরের শিরোপা জয়ী তারা। ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২ আসরে জয়ী) ৬০ বছর পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি দিদিয়ে দেশমের দলের সামনে। শেষ চার থেকে বিদায় নিলে তাদের জন্য বড় বিপর্যয় হিসেবেই দেখা হবে সেটি।
আর মরক্কো এখনও পর্যন্ত যা অর্জন করে দেখিয়েছে, সেটিই বীরের মর্যাদা দেবে খেলোয়াড়রা দেশে ফিরলে। দলটির এই সাফল্যযাত্রার সারথী যারা, তাদের অনেকেরই জন্ম অবশ্য মরক্কোয় নয়। স্কোয়াডের ২৬ জনের মধ্যে ১৪ জন খেলোয়াড়ের জন্ম দেশের বাইরে। হাকিমির জন্ম যেমন স্পেনে, জিয়াশের নেদারল্যান্ডসে, বোনোর কানাডায়। ইউরোপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলে বেড়ে ওঠা খেলোয়াড়দের জাতীয় দলে এনে সাফল্যের সৌধ গড়েছে মরক্কো।
কোচ রেগরাগির জন্ম যেমন আবার ফ্রান্সে। আগের কোচের সঙ্গে দ্বন্দ্বে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া জিয়াশকে আবার দলে ফিরিয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। সেই রেগরাগি এখন ভাসছেন স্তুতির জোয়ারে।
মরক্কোর হারানোর কিছু নেই। বরং আরেক নতুন ইতিহাস লেখার হাতছানি তাদের সামনে। হবে আরেকটি মরক্কান রূপকথা? উত্তর মিলবে রাতেই!
