জার্সি নিয়ে ডেনমার্কের অনুরোধে ফিফার ‘না’
অনুশীলনের জার্সিতে ‘সবার জন্য মানবাধিকার’ স্লোগান রাখার অনুরোধ করেছিল ডেনমার্ক।
কাতার বিশ্বকাপ আয়োজনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে সরব অবস্থানে ডেনমার্ক। তারা চেয়েছিল বিশ্ব সেরার মঞ্চে তাদের বার্তা আরও বড় আকারে ছড়িয়ে দিতে। তবে দেশটির অনুশীলনের জার্সিতে ‘সবার জন্য মানবাধিকার’ স্লোগান রাখার তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফিফা।
ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) বৃহস্পতিবার জানিয়েছে বিষয়টি।
গত বছর ডিবিইউ বলেছিল যে, বিশ্বকাপে তাদের অনুশীলন কিটের দুটি স্পন্সর কাতারের বিরুদ্ধে সমালোচনামূলক বার্তার জন্য জার্সিতে জায়গা করে দেবে। আরও বলা হয়েছিল, বিশ্বকাপের আয়োজক দেশটির ইভেন্টগুলোকে প্রচার করার বাণিজ্যিক কার্যক্রম এড়াতে দেশটিতে তারা ভ্রমণের সংখ্যা কমিয়ে দেবে।
ডিবিইউয়ের ওই ঘোষণা পর ডেনমার্কের খেলোয়াড়দের অনুশীলনের জার্সি থেকে লোগো সরিয়ে নেয় জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুমেল। এই প্রসঙ্গে গত সেপ্টেম্বরে তারা জানায়, কাতারে অভিবাসী শ্রমিকদের নিয়ে বার্তা দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
আয়োজক কাতারের কর্মকর্তারা অভিবাসী শ্রমিকদের প্রাণহানির অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সাল পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হওয়ার কথা জানা গিয়েছিল।
শুধু অনুশীলনের জার্সিই নয়, হুমেল তাদের প্রতিবাদ তুলে ধরে বিশ্বকাপে ডেনমার্ক যে তিনটি জার্সি পরে খেলবে সেখানেও।
ডেনমার্কের জার্সির রং প্রথাগত লাল নয়, ফিকে লাল করেছে হুমেল; জার্সির উপর থাকা ডেনমার্কের লোগোও এমনভাবে রাখা হয়েছে, পরিষ্কার দেখার উপায় নেই।
দ্বিতীয় জার্সির রং সাদা এবং তৃতীয় জার্সির রং করা হয়েছে পুরোপুরি কালো। কালো রং ‘শোকের প্রতীক।’
ডেনমার্কের অনুশীলনের জার্সিতে মানবাধিকারের স্লোগান রাখার প্রস্তাবে ‘না’ করা প্রসঙ্গে ফিফার মতামত জানতে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।
বিশ্বকাপের মতো মহাযজ্ঞ আগে আয়োজনের অভিজ্ঞতা না থাকা কাতারের বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের প্রতি বিরূপ আচরণের নানাবিধ অভিযোগ রয়েছে। এছাড়া বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন সামাজিক নিষেধাজ্ঞা দিয়েও অংশগ্রহণকারী দলগুলোর অসন্তোষের শিকার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে লিখিতভাবে ফিফা জানায় যে, খেলাটিকে মতাদর্শগত বা রাজনৈতিক ইস্যুতে না টেনে তারা যেন কেবল ফুটবলের দিকে মনোযোগ দেয়।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আছে ডেনমার্ক। আগামী ২২ নভেম্বর তিউনেসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের পথচলা। গ্রুপে দলটির বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও অস্ট্রেলিয়া।
