২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ের ভেতর লড়াই: মেসি বনাম মদ্রিচ

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার ম্যাচে এই দুই অধিনায়কের লড়াই গড়ে দিতে পারে ব্যবধান।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 08:41 PM

Updated : 12 Dec 2022, 08:41 PM

লিওনেল মেসি ও লুকা মদ্রিচ-দুজনের অন্ত্যমিলের শেষ নেই। শৈশবে শরীর নিয়ে সমস্যায় ভুগেছেন। প্রথম জনের হরমোনের সমস্যা, অন্যজনের শরীর এতটাই লিকলিকে যে ট্রায়াল দিতে গেলেই পড়ে যেতেন বাতিলের খাতায়! গড়নেও দুজন ছোটখাট। এরপর সব বাধা পেরিয়ে, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় আলো ছড়িয়েছেন দুজনেই। বিশ্বকাপ এই দুই জনকে দাঁড় করিয়েছে মুখোমুখি।

দুজনেই পৌঁছে গেছেন শেষের দুয়ারে। কাতার বিশ্বকাপে তাদের চাওয়া অভিন্ন-ট্রফি নিয়ে ঘরে ফেরা। এই লক্ষ্য পূরণের শেষ ধাঁপে পৌঁছাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এ ম্যাচের ভেতরে ঠিকই বয়ে যাবে মেসি বনাম মদ্রিচ দ্বৈরথের চোরাস্রোত। সেখানে কে জিতবেন? প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে।

এ পর্যন্ত একবার করে দুজনে খুব কাছাকাছি গিয়েছিলেন, আড় চোখে দেখেছিলেন প্রতিপক্ষের উৎসব, নিজেরা ডুবেছিলেন রাজ্যের হতাশায়। ২০১৮-তে মস্কোর লুজিনিক স্টেডিয়ামে ‘লাকি লুকা’ পাননি সে স্বাদ। ফ্রান্সের কাছে হেরে যায় ক্রোয়েশিয়া। রিও দে জেনেইরোর মারাকানার সুবজে চূড়ান্ত আনন্দে ২০১৪ সালে ভেসে যাওয়া হয়নি মেসিরও, জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। দুজনে এবার দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি। সাফল্য বুভূক্ষ দুটি দেশের পাহাড়সমান চাপ কাঁধে নিয়ে। কার মুখে ফুটবে জয়ের হাসি?

সময়ও ফুরিয়ে আসছে দুজনের, হয়ত এবারই বিশ্বকাপের আঙিনায় শেষবারের মতো পা রাখা। ইতিহাসের বুকে সাফল্যের রঙ-তুলিতে প্রাপ্তির আঁচড় দেওয়ার এটাই শেষ সুযোগ। কাতার বিশ্বকাপে এরই মধ্যে ঝরে পড়া তারাদের তালিকায় উঠে গেছে ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার, লুইস সুয়ারেস, হ্যারি কেইন, এদেন আজারসহ আরও অনেক নাম। রয়ে গেছেন মেসি-মদ্রিচের মতো হাতেগোনা ক’জন। বয়স, প্রত্যাশা-সবকিছুর ভার কাঁধে নিয়ে এখনও দুজনে টিকে আছেন দুর্দান্তভাবে। দারুণ সমাপ্তির দুর্নিবার স্বপ্ন চোখে এঁকে।

মেসির বয়স ৩৫, মদ্রিচ তার চেয়ে দুই বছরের বড়। দলের মাঝমাঠে দীর্ঘদিনের বন্ধু, সতীর্থ ইভান রাকিতিচ এবার নেই মদ্রিচের পাশে, কিন্তু ক্রোয়েশিয়াকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ঠিকই টেনে নিচ্ছেন। প্রতি ম্যাচেই মাঝমাঠের সুর বেঁধে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন আক্রমণের জাল, তাতে ধরাশায়ী একে একে সব প্রতিপক্ষ। মরুভুমির বিশ্বকাপে এখনও তাই অপরাজিত ক্রোয়াটরা।

মেসি আরও দুর্বার, কিন্তু আর্জেন্টিনা অপরাজিত নয়। সৌদি আরবের বিপক্ষে দশম মিনিটে অধিনায়ক দলকে এগিয়ে নিলেও জিততে পারেনি আর্জেন্টিনা। বড় স্বপ্ন নিয়ে মরুভূমির বিশ্বকাপে এসেই বড় ধাক্কায় টালমাটাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু পরের পথচলার হিসেবে সৌদি আরবের বিপক্ষে ওই হারটুকুই আলবিসেলেস্তেদের একমাত্র ব্যর্থতা। এরপর আর্জেন্টিনা ছুটছে।

মেসিকে আর আটকানো যায়নি। এরই মধ্যে গোল করেছেন চারটি, গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন ভালোভাবে। জাদুকরী পাসে সতীর্থদের দেখিয়ে দিচ্ছেন গোলের পথ, অ্যাসিস্ট দুটি। মেক্সিকো-পোল্যান্ডকে হারিয়ে, অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বাধা পেরিয়ে সেমি-ফাইনালের মঞ্চে উঠে এসেছে ১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা। কাঙ্ক্ষিত গন্তব্য থেকে মাত্র দুই সিঁড়ি দূরে লিওনেল স্কালোনির দল। প্রথম সিঁড়িতেই দেখা হচ্ছে ক্রোয়াটদের সঙ্গে। মদ্রিচের সঙ্গে ফের দেখা হচ্ছে মেসিরও।

বিশ্বকাপের মঞ্চে দুজনের প্রথম দেখা ২০১৮ বিশ্বকাপের গ্রুপপর্বে। সেবার বিজয়ী হাসি মদ্রিদের। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি ছিল তার। আর্জেন্টিনাকে উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সেরা সাফল্যে অর্জনের পথে ছুটেছিল ক্রোয়াটরা। এবার কার পালা?