ফারহানের গোল, জামালের দেখা সেরা গোলের একটি
শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের করা গোলটি নিয়ে কোচ টমাস ডুলির মতোই উচ্ছ্বাস ঝরল জামাল ভূঁইয়ার কণ্ঠে।
নিখুঁত ড্রিবলিংয়ের পর, ফারহান আলী ওয়াহিদের করা চোখ ধাঁধানো গোলটি নিয়েই এখন চলছে চর্চা। ম্যাচ শেষে টমাস ডুলি জানিয়েছিলেন গোলটি নিয়ে মুগ্ধতা। বাংলাদেশ কোচের মতো এবার জামাল ভূঁইয়ার কণ্ঠেও ঝরল উচ্ছ্বাস। বললেন, জাতীয় স্টেডিয়ামে তার দেখা সেরা গোলগুলোর মধ্যে একটি নিঃসন্দেহে ফারহানের গোলটি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৫৩তম মিনিটে বাম দিক দিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে ছিটকে দেওয়ার পর আরও দুজনের ফাঁক দিয়ে দৃষ্টিনন্দন গোলটি করেন ফারহান। ৪-০ গোলে জিতে, গ্রুপ সেরা হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ।
অপরাজিত থেকে সেরা চারে ওঠার তৃপ্তি নিয়ে বৃহস্পতিবার এবিজি স্পোর্টস কমপ্লেক্সে সকালে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এক ফাঁকে ফারহানের গোলসহ নানা বিষয় নিয়ে কথা বলেন দলের প্রতিনিধি হয়ে আসা জামাল।
“সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা সেরা গোলগুলোর একটি (ফারহানের গোলটি)। আমার মনে হয়, হামজার বাইসাইকেল কিক (নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে) আর ফারহানের গোলটি…আমি মনে করি, ফারহান যে গোলটি গতকাল করেছে, সেটি সেরা তিন গোলের মধ্যে অবশ্যই থাকবে।”
বক্সে পায়ের যে কারিকুরি ফারহান ওই গোলের সময় দেখিয়েছেন, যা এই দেশের ফুটবলপ্রেমীরা সাধারণত লিওনেল মেসি, নেইমারদের করতে দেখেন। তবে, জামাল সেই তুলনায় গেলেন না। তার চাওয়া, ফারহান নিজের নামে প্রতিষ্ঠিত হোক।
“আপনারা নিজেরাই বলতেছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল..(যেমন গোল করে, তেমনটা ফারহানের)। আসলে আমি চাই ফারহান ওর নিজের প্রোফাইল বড় করবে। অন্য খেলোয়াড়ের সাথে তুলন করতে হবে না। কারণ যারা বাংলাদেশের সমর্থক আছেন, ওরা সবাই বলে ‘আমার মেসি’, ‘আমার লামিনে ইয়ামাল’। কিন্তু আমি চাই ফারহান নিজের নাম বড় করবে। এটা ফারহান আলীর গোল, আর কারো গোল না, এটা ফারহান আলীর গোল।
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম খেলতে নামা হামজা চৌধুরী প্রথমবারের মতো নেতৃত্বও দিলেন বাংলাদেশের। দীর্ঘদিন লাল-সবুজের আর্মব্যান্ড ছিল জামালের বাহুতে। অবশ্য সাফের আগে জামালের বদলে তপু বর্মনকে অধিনায়ক করা হয়েছিল। অস্বস্তির কারণে এখনও মাঠে নামা হয়নি তপুর। অধিনায়কত্ব হারানো নিয়ে হতাশা নেই জামালের। বরং হামজার নেতৃত্ব মনে ধরেছে তার।
“হামজা অধিনায়ক হওয়া ডিজার্ভ করে, উনি ভালো খেলছেন। আর হামজা সম্ভবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। অবশ্যই সে দলের সবচেয়ে বড় তারকা, দলের সবচেয়ে বড় খেলোয়াড়। আমি হামজাকে নিয়ে ভীষণ খুশি।”
সেমি-ফাইনালে আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
