২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা বার্তায় সিক্ত মরক্কো

ইতিহাস গড়ে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো ভাসছে অভিনন্দন বার্তায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 05:43 PM

Updated : 11 Dec 2022, 05:43 PM

 হাকিম জিয়াশ-আশরাফ হাকিমিরা এখন যেন কেবল মরক্কোর প্রতিনিধিত্ব করছেন না। বিশ্ব মঞ্চে নিজেদের মহাদেশ তো বটেই একই সঙ্গে আরবদেরও যেন প্রতিনিধিত্ব করছেন তারা। কোয়ার্টার-ফাইনালে পর্তুগালের বিপক্ষে মরক্কোর জয়ের উচ্ছ্বাস তাই ছড়িয়ে পড়েছে আফ্রিকা ও আরব বিশ্বে।  

বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের সেরা সাফল্য ছিল কোয়ার্টার-ফাইনাল। আরব দেশগুলো শেষ ষোলোর গণ্ডিই পার করতে পারেনি কখনও। হাকিমি-জিয়াশদের শেষ চারে যাওয়া তাই দুই দিক থেকেই নতুন ইতিহাস রচনা করেছে। 

শেষ আটের লড়াইয়ে গত শনিবার ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট পায় মরক্কো। এরপর থেকে দেশটি ভাসছে অভিনন্দন বার্তা।   

শাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি টুইটারে লিখেছেন, “ঐতিহাসিক ও অসামান্য! ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালে অ্যাটলাস লায়ন্সের জায়গা করে নেওয়া সমগ্র আফ্রিকারই সাফল্য। গ্র্যান্ড ফিনালেতে আফ্রিকার প্রতিনিধিদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন, হ্যাঁ তা সম্ভব ইনশাল্লাহ!”

“মহাদেশের ইতিহাস!... অ্যাটলাস লায়ন্সের কী দারুণ একটি অর্জন।” টুইটারে লিখেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। 

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এটিকে ‘দুর্দান্ত এক ঐতিহাসিক আন্তর্জাতিক অর্জন’ উল্লেখ করে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মেদকে অভিনন্দন জানিয়েছেন। 

টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মাদ বিন রাশিদ, “বিশ্বকাপে মরক্কোর চেয়ে জোরাল কণ্ঠস্বর আর কারও নেই!” 

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি টুইটে লিখেছেন, “আমরা আমাদের ভাইদের আনন্দ ভাগ করে নিচ্ছি।” 

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী শাতায়েহ মরক্কোর সাফল্যকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে স্বাগত জানিয়েছেন, “আরবরা যখন আনন্দ করে তখন আমরাও আনন্দ করি।” 

ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল ফাতাহ ও হামাসও অভিনন্দন বার্তা পাঠিয়েছে। 

পৃথক টুইটে মরক্কোকে শুভেচ্ছা জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল-দিবিবাহ ও জর্ডানের যুবরাজ হুসেইন এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন। তবে আফ্রিকার একটি দেশের দুর্দান্ত কীর্তিতে খুশি ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রধান ও সাবেক ফরোয়ার্ড সামুয়েল এতো। টুইটারে লিখেছেন, “অবিশ্বাস্য! ...পুরো মহাদেশ আপনাদের জন্য গলা ফাটাচ্ছে।” 

মরক্কোকে অভিনন্দন জানানোর তালিকায় আছেন টুইটারের মালিক ইলন মাস্কও। তিনি টুইট করেছেন, ‘অভিনন্দন মরক্কো।’ 

আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে খেলবে মরক্কো।